ঢাকা মেইল ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম
২০২৬ সালের হজযাত্রীদের ভোগান্তি কমাতে এবং ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুততর করতে ‘মোবাইল পাসপোর্ট কাউন্টার’ চালু করেছে সৌদি আরব। জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যে এই ভ্রাম্যমাণ ইউনিটগুলোর মাধ্যমে হজযাত্রীদের সেবা দেওয়া শুরু হয়েছে।
আমিরাত ভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আধুনিক এই মোবাইল কাউন্টারগুলোতে বায়োমেট্রিক তথ্য গ্রহণ, ডিজিটাল ছবি তোলা এবং পাসপোর্ট স্ক্যান করার অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
বিমানবন্দরের প্রথাগত কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরিবর্তে এসব ভ্রাম্যমাণ ইউনিটের মাধ্যমেই অনস্পট হজযাত্রীদের তথ্য যাচাই করা সম্ভব হবে। এর ফলে ব্যস্ততম সময়ে বিমানবন্দরে পৌঁছানোর পর হজযাত্রীদের মূল্যবান সময় সাশ্রয় হবে এবং দীর্ঘ লাইন এড়িয়ে চলা সহজ হবে।
আরও পড়ুন: মকবুল হজের জন্য যেসব শর্ত ও মাসয়ালা জানা জরুরি
সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এই উদ্যোগটি মূলত বয়স্ক হজযাত্রী এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে। প্রথাগত কাউন্টারের লম্বা লাইনে দাঁড়ানোর ধকল এড়াতে এসব পোর্টেবল বা বহনযোগ্য ইউনিটের মাধ্যমে তাদের কাছে গিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করা হচ্ছে। এতে তাদের পুরো সফরটি আরও আরামদায়ক ও বিড়ম্বনামুক্ত হবে।
২০২৬ সালের হজে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক মিলিয়ন হজযাত্রীর সমাগম সামলাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। এই মোবাইল কাউন্টার সেই মহাপরিকল্পনারই একটি অংশ। এর পাশাপাশি ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর ভিড় ব্যবস্থাপনা এবং উন্নত পরিবহন লজিস্টিকসের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মূলত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুরো সফরকে সহজ করাই সৌদি কর্তৃপক্ষের মূল লক্ষ্য।
সূত্র: গালফ নিউজ ও এনডিটিভি