ধর্ম ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম
পবিত্র মসজিদুল আকসার সুপরিচিত মুয়াজ্জিন ও ক্বারি শায়খ নাজি আল-কাজ্জাজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। টানা ৪৮ বছর ধরে তিনি এই ঐতিহাসিক মসজিদে আজান দিয়ে আসছিলেন।
শনিবার বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমে শত শত ফিলিস্তিনির উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ মসজিদুল আকসা প্রাঙ্গণে আদায় করা হয়। পরে তাকে জেরুজালেমের একটি স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, শায়খ নাজি আল কাজ্জাজ ছিলেন মসজিদুল আকসার অন্যতম প্রধান ও জনপ্রিয় মুয়াজ্জিন। ১৯৭৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে এখানে আজান দেওয়া শুরু করেন। এরপর টানা চার দশকেরও বেশি সময় ধরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজানের পাশাপাশি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে তিনি জেরুজালেমবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নেন।
আরও পড়ুন: আল-আকসায় পুলিশি পাহারায় ইসরায়েলিদের অনুপ্রবেশ
জেরুজালেমের বিখ্যাত কাজ্জাজ পরিবার শত শত বছর ধরে মসজিদুল আকসায় আজান দেওয়ার ঐতিহ্য বহন করে আসছে। শায়খ নাজি আল-কাজ্জাজ ছিলেন সেই ঐতিহ্যের অন্যতম উত্তরাধিকারী। বর্তমানে তার ছেলে ফেরাস আল-কাজ্জাজও এই পবিত্র দায়িত্ব পালন করছেন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মিসরের ধর্মমন্ত্রী ওসামা আল-আজহারি। এক শোকবার্তায় তিনি বলেন, শায়খ নাজি আল-কাজ্জাজের সুমধুর কণ্ঠ দশকের পর দশক ধরে জেরুজালেমবাসীর হৃদয়ে আধ্যাত্মিক প্রশান্তি জুগিয়েছে। তিনি ছিলেন একনিষ্ঠতা ও নিবেদিত প্রাণের অনন্য উদাহরণ এবং তার কণ্ঠ আল-আকসার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। সংগঠনটি জানায়, আল-আকসার প্রতি ভালোবাসা ও জেরুজালেমের মাটিতে অবিচল থাকার এক দীর্ঘ সংগ্রামের প্রতীক ছিলেন তিনি।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে পূর্ব জেরুজালেম দখল করে রাখা ইসরায়েল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় নানা বিধিনিষেধ আরোপ করে আসছে। এই প্রেক্ষাপটে শায়খ নাজি আল-কাজ্জাজের কণ্ঠে ধ্বনিত আজান ফিলিস্তিনিদের কাছে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছিল।
শনিবার মসজিদুল আকসার মাইক থেকে তার মৃত্যুর সংবাদ প্রচার করা হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।