ধর্ম ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
একটি মহল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ইমামের ভূমিকা অনস্বীকার্য। সমাজে তার জনসম্পৃক্ততা ও প্রভাব অত্যন্ত বিস্তৃত। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, পরামর্শ প্রদান এবং দ্বীনি দাওয়াতের দায়িত্ব পালনের জন্য একজন ইমামকে বহুমাত্রিক দক্ষতায় পারদর্শী হওয়া প্রয়োজন। এই বাস্তবতা বিবেচনায় ইমামদের আধুনিক ও জাগতিক বিষয়ে দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।
প্রথমবারের মতো সারা দেশের ১০০ জন ইমামকে নিয়ে ৫ দিনব্যাপী একটি নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ইমামদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর দাওয়াতি কাজে সক্ষম করে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন। এতে প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে- লিডারশিপ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পাবলিক স্পিকিং ও কার্যকর যোগাযোগ, টাইম ম্যানেজমেন্ট ও মনস্তত্ত্ব, দাওয়ার ক্ষেত্রে আধুনিক টুলসের ব্যবহার ও ফ্যাক্ট চেকিং, ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ বিশ্লেষণ, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবিলা, এলজিবিটিকিউ ও জেন্ডার ইস্যু সম্পর্কিত সচেতনতা, প্রকল্প বাস্তবায়ন ও ক্যাম্পেইন পদ্ধতি, শরীরচর্চা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা।
উদ্যোক্তা জানান, প্রতিটি বিষয়ে প্রশিক্ষণ দেবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ, সফল ও স্বনামধন্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: জেনারেল পড়ুয়াদের জন্য সুযোগ: আসসুন্নাহ দ্বীনি শিক্ষা কোর্সে ভর্তি শুরু
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীকে বর্তমানে কর্মরত ইমাম বা খতিব হতে হবে। এছাড়া দাওরায়ে হাদিস, ফাজিল-কামিল অথবা ইসলামি/আরবি বিষয়ে অনার্স বা মাস্টার্সে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে পরীক্ষার ফলাফল, অভিজ্ঞতা এবং দাওয়াতি কাজের সম্পৃক্ততা বিবেচনা করে সর্বোচ্চ ১০০ জনকে নির্বাচিত করা হবে।
প্রশিক্ষণটি আগামী ২৬ থেকে ৩০ এপ্রিল (রবিবার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এটি আবাসিক ও অনাবাসিক উভয় পদ্ধতিতে পরিচালিত হবে। ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর আফতাবনগরের প্লট ৬২, রোড নং ৩, ব্লক-এ।
আরও পড়ুন: আস-সুন্নাহর উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ শীর্ষক কর্মশালা
আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ এপ্রিল। আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন: https://forms.gle/SGB3oWL3vHcZwXJ9A
শায়খ আহমাদুল্লাহর এই উদ্যোগকে ইতোমধ্যে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন অনেকেই। সংশ্লিষ্টরা মনে করছেন, ইমামদের আধুনিক দক্ষতায় প্রশিক্ষিত করার এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।