ধর্ম ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম
ভুয়া নিয়োগপত্রের বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (৬ এপ্রিল) ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের নিয়োগপত্র প্রচারিত হচ্ছে। তবে এই নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে যথাযথ নিয়োগ কমিটি রয়েছে। এই নিয়োগ কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ নিশ্চিত করে। অন্য কোনো মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সুযোগ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে এক শ্রেণির প্রতারকচক্র জনগণকে প্রতারিত করার চেষ্টা করছে। ইসলামিক ফাউন্ডেশন এই বিষয়ে সতর্ক থাকার এবং প্রতারকচক্রের সঙ্গে কোনো আর্থিক লেনদেনে জড়িয়ে না পড়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে।