নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৬, ০৬:২৫ পিএম
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ ঈদ আনন্দ ভ্রমণ ও বনভোজনের আয়োজন করা হয়েছে। এবারের ঈদে যেসব শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক পরিবারের কাছে বাড়ি যেতে পারেননি এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঈদের জামাত পরিচালনায় নিরলস শ্রম দিয়েছেন, মূলত তাদের ঈদের আনন্দ ভাগ করে নিতেই এই ব্যতিক্রমী আয়োজন।
ফাউন্ডেশনের খোলা মাঠে এবার চতুর্থবারের মতো বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই বৃহৎ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পার্কিং ও রাইড শেয়ারিং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় পুরো জামাত সফলভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুন: রমজানকে ফলপ্রসূ করতে রাজধানীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সেমিনার
স্বেচ্ছাসেবকদের এই পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এবং তাদের ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচি হাতে নেয় প্রতিষ্ঠানটি। আয়োজনের অংশ হিসেবে রাতে একটি জমকালো বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। যেখানে অংশ নিয়ে স্বেচ্ছাসেবকরা এক আনন্দঘন সময় কাটান।

পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের দুই দিনে দুটি পৃথক দলে ভাগ করে বনভোজন ও শিক্ষাসফরের আয়োজন করা হয়। কর্মসূচির প্রথম দিনে (ঈদের দ্বিতীয় দিন) ৫০ জন স্বেচ্ছাসেবক মিরপুর জাতীয় চিড়িয়াখানা এবং জাতীয় উদ্ভিদ উদ্যান ভ্রমণ করেন। দ্বিতীয় ধাপে (ঈদের তৃতীয় দিন) অবশিষ্ট ৫০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে রূপগঞ্জের জিন্দা পার্কে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ৩৩ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ আস-সুন্নাহ ফাউন্ডেশনের
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবার থেকে দূরে থাকা তরুণ স্বেচ্ছাসেবকদের ঈদের আমেজে সম্পৃক্ত রাখা এবং একটি স্মরণীয় সময় উপহার দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন স্বেচ্ছাসেবকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও আগামীতে জনসেবামূলক কাজে আরও অনুপ্রেরণা যোগাবে।
এমআর