images

ইসলাম

আংটি ব্যবহারের সুন্নাহ ও বিধান

ধর্ম ডেস্ক

২৩ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম

ইসলামি জীবনবিধানে ব্যক্তিগত সাজসজ্জা ও পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে সুনির্দিষ্ট সুন্নাহ ও দিকনির্দেশনা রয়েছে। এর মধ্যে আংটি ব্যবহার করা একটি সুন্নাহসম্মত অনুষঙ্গ। বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) নিজের প্রয়োজনে আংটি ব্যবহার করতেন, যা উম্মতের জন্য সুন্নাহ হিসেবে পরিগণিত হয়েছে। আংটি ব্যবহারের দালিলিক বিধান ও নিয়মাবলি নিচে সংক্ষেপে তুলে ধরা হলো-

ঐতিহাসিক প্রেক্ষাপট ও আংটির ইতিহাস

নবী কারিম (স.) যখন তৎকালীন বিভিন্ন সম্রাটদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তখন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে, তারা সিলমোহরহীন কোনো চিঠি গ্রহণ করে না। তখন নবীজি (স.) রুপার একটি আংটি তৈরি করান যা সিলমোহর হিসেবে ব্যবহৃত হতো। (সহিহ বুখারি: ৫৮৭০-৭২)
রাসুলুল্লাহ (স.)-এর ইন্তেকালের পর আংটিটি পর্যায়ক্রমে হজরত আবু বকর (রা.), হজরত ওমর (রা.) এবং হজরত উসমান (রা.)-এর কাছে ছিল। বর্ণিত আছে যে, হজরত উসমান (রা.)-এর খেলাফতকালে মদিনার ‘বিইরে আরিস’ নামক একটি কূপে আংটিটি পড়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির পরও তা আর পাওয়া যায়নি। (সুনানে আবু দাউদ, আংটি হারানোর বর্ণনা)

আরও পড়ুন: পুরুষের রুপা ব্যবহারের শর্ত

আংটির উপাদান ও ওজনের সীমা

পুরুষের জন্য: পুরুষের জন্য সোনার আংটি ব্যবহার সম্পূর্ণ হারাম।  (মুসলিম: ২০৯০; মুসনাদে আহমদ: ২২২৪৮) পুরুষের জন্য রুপার আংটি ব্যবহার বৈধ। ফকিহদের মতে, এর ওজন এক মিসকাল (প্রায় ৪.৩৭ গ্রাম)-এর কম হওয়া সুন্নাহর কাছাকাছি।
অন্যান্য ধাতু: লোহা, পিতল বা তামা ব্যবহারের ক্ষেত্রে কিছু বর্ণনায় অপছন্দের কথা এসেছে। তবে সতর্কতা হিসেবে রুপার আংটি ব্যবহার করাই শ্রেয়।
নারীদের জন্য: নারীদের জন্য সোনা ও রুপা উভয় ধরনের আংটি ব্যবহার করা বৈধ।

আঙুল নির্বাচনে সুন্নাহর নির্দেশনা

কনিষ্ঠ আঙুল: পুরুষদের জন্য হাতের ছোট আঙুল বা কনিষ্ঠ আঙুলে আংটি পরা সুন্নাহ। (সহিহ মুসলিম)
নিষেধাজ্ঞা: পুরুষের জন্য তর্জনী ও মধ্যমা আঙুলে আংটি পরা অপছন্দনীয় বা মাকরুহে তানজিহি। (সহিহ মুসলিম)

আরও পড়ুন: অষ্টধাতুর আংটি পরা কি জায়েজ

আংটির নকশা ও খোদাই

কিছু বর্ণনায় এ ধরনের খোদাই থাকার উল্লেখ পাওয়া যায় যে, নবীজি (স.)-এর আংটিতে তিন লাইনে ‘আল্লাহ-রাসুল-মুহাম্মদ’ লেখা ছিল। তবে নবীজি (স.) তাঁর সিলের নির্দিষ্ট বিন্যাস বা নকশা হুবহু অনুকরণ করতে অন্যদের নিষেধ করেছেন। (সহিহ বুখারি: ৫৮৭৪) তাই সাধারণ নকশার আংটি ব্যবহার করাই উত্তম।

আংটি ধারণের নিয়ম

আংটি ডান এবং বাম উভয় হাতেই পরা সুন্নাহ দ্বারা প্রমাণিত। তবে আলেমদের মতে, যদি উদ্দেশ্য হয় কেবল সৌন্দর্য তবে ডান হাত এবং ব্যবহারের সুবিধার জন্য বাম হাত অধিক উপযোগী।

আকিদাগত সতর্কতা

আংটির ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক বিশ্বাস। কোনো পাথর বা ধাতুর অলৌকিক ক্ষমতা আছে বা এটি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে—এমন বিশ্বাস রাখা শিরকের অন্তর্ভুক্ত। আংটি ব্যবহারের মূল উদ্দেশ্য হতে হবে সুন্নাহর অনুসরণ ও পরিমার্জিত সৌন্দর্য।

আংটি পরা কেবল সাজসজ্জা নয়, বরং এটি রাসুলুল্লাহ (স.)-এর সুন্নাহর অন্তর্ভুক্ত। সুন্নাহ পালনের নিয়তে এবং শরিয়তের নির্ধারিত বিধান মেনে আংটি ব্যবহার করলে তা সওয়াবের কাজ হিসেবে গণ্য হতে পারে।