images

ইসলাম

মক্কা-মদিনায় আজ তারাবিতে পবিত্র কোরআন খতম

ধর্ম ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম

বিশ্বের দুই পবিত্রতম স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আজ তারাবির নামাজে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ মার্চ) পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদ এ তথ্য নিশ্চিত করেছে।

ধর্মবিষয়ক বিভাগ জানিয়েছে, রমজানের শেষ দশকে তারাবিতে কোরআন খতম উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে মুসল্লিদের জন্য ইবাদতের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ভাষায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে।

আজকের তারাবিতে মক্কার মসজিদুল হারামে ইমামতি করবেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এবং মদিনার মসজিদে নববীতে ইমামতি করবেন শায়খ ড. সালেহ আল-বুদাইর।

আরও পড়ুন: এবারও মক্কা-মদিনায় তারাবি ১০ রাকাত

প্রতি বছরের মতো এবারও কোরআন খতম উপলক্ষে দুই মসজিদে কয়েক লাখ মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

মসজিদুল হারাম কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ করে শৃঙ্খলা রক্ষার্থে নিয়ম করা হয়েছে যে, নামাজ চলাকালে কেউ মসজিদ থেকে বের হলে পুনরায় প্রবেশের সুযোগ পাবেন না।

উল্লেখ্য, মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস টানা ৩৬ বছর ধরে তারাবির নামাজে কোরআন খতমের ইমামতি করে আসছেন। ১৯৮৪ সাল থেকে তিনি এই পবিত্র মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।