images

ইসলাম / আন্তর্জাতিক

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদি সুপ্রিম কোর্টের ঘোষণা

ধর্ম ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

মহিমান্বিত রমজান মাসের শুভাগমন উপলক্ষে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সনের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটিতে প্রথম রোজা পালিত হবে। তবে চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।

আরও পড়ুন: দেশের আকাশে রমজানের চাঁদ কবে দেখা যাবে, যা জানা গেল

সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেউ খালি চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলিমরা।

রমজান উপলক্ষে সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোতে সরকারি ও বেসরকারি খাতের কর্মঘণ্টা কমানো হয়েছে বলেও জানা গেছে।