images

ইসলাম

আসছে শায়খ আহমাদুল্লাহর ‘ঈমানের অপরিহার্য পাঠ’

ধর্ম ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম

জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ তাঁর নতুন বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ দেড় বছরের গবেষণা ও কঠোর পরিশ্রমের পর বইটি এখন প্রকাশের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন।

গবেষণা ও পরিশ্রমের নেপথ্যে

বইটি লেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শায়খ আহমাদুল্লাহ তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘ছাত্র জীবনে বই ছাড়া ডানে-বামে তাকাতাম না বলে আমার এক শিক্ষক বলেছিলেন- এই ছেলে জ্বিন নাকি!’ তিনি জানান, এই বইটির জন্য কাজ করতে গিয়ে তিনি যেন নতুন করে ‘বইপাগল’ ছাত্র হয়ে উঠেছেন। পরিশ্রমের মাত্রা উল্লেখ করে তিনি বলেন, ‘দেড় বছর আগে শুরু করা এই বইটির জন্য গত কয়েক মাস প্রায় গৃহবন্দি ছিলাম। পাহাড়কাটা পরিশ্রমের পর অবশেষে স্বপ্নের বইটি আপনাদের হাতে ওঠার জন্য প্রায় প্রস্তুত।’

আরও পড়ুন: ৩৩ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ আস-সুন্নাহ ফাউন্ডেশনের

নামকরণ ও বিষয়বস্তু

প্রাথমিকভাবে বইটিতে সামগ্রিক ইসলামকে এক মলাটে আনার পরিকল্পনা থাকলেও গবেষণার কলেবর বেড়ে যাওয়ায় শুধু ঈমানের অংশ নিয়ে এটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘লেখার সমুদ্রে ডুব দিয়ে নতুন নতুন বিস্ময় ও অনুসন্ধানের মুখোমুখি হই। ফলে, বইটির কলেবর বেড়ে যেতে থাকে।’

বইটির নামকরণে সাধারণ মানুষের ব্যাপক সম্পৃক্ততা ছিল। প্রায় ৭০ হাজার মানুষের মতামতের ভিত্তিতে ‘ঈমানের অপরিহার্য পাঠ’ নামটি চূড়ান্ত করা হয়। বিষয়বস্তু সম্পর্কে তিনি জানান, এতে ঈমানের মৌলিক বিষয়ের পাশাপাশি ‘কোরআন ও হাদিসের আলোকে ঈমান-পরিপন্থী নিত্য-নতুন কুফর ও নিফাকের লক্ষণগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি।’

আরও পড়ুন: শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার

ভবিষ্যৎ পরিকল্পনা

শায়খ আহমাদুল্লাহ জানান, ঈমানের পর ইসলামের ইবাদত, আখলাক, লেনদেন ইত্যাদি বিষয়েও স্বতন্ত্র বই ভবিষ্যতে প্রকাশ করা হবে। পরিশেষে তিনি দোয়া কামনা করে বলেন, ‘মহান আল্লাহ এই বইটিকে কবুল করেন, আমাদের ঈমান শেখা, ঈমান পুনর্মূল্যায়ন ও নাজাতের মাধ্যম বানান। আমিন’

বইটি শিগগিরই বাজারে আসবে বলে তিনি জানিয়েছেন। প্রকাশনা ও প্রাপ্তিস্থান সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে। বইটি নিয়ে তাঁর অনুসারীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।