ধর্ম ডেস্ক
০৪ জুলাই ২০২২, ১০:১৭ এএম
ঈদুল আজহার প্রধান আমল হলো কোরবানি করা। কোরবানিকে ‘সুন্নতে ইবরাহিমি’ নামে অভিহিত করা হয়। আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়ে বলেন- ‘আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন।’ (সুরা কাউসার: ২)
আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের এ ইবাদত নষ্ট হতে পারে সামান্য ভুলে। কোরবানির ক্ষেত্রে এমনই একটি ভুল হচ্ছে—গোশত খাওয়ার নিয়ত। কারো নিয়ত যদি হয় কোরবানির গোশত দিয়ে বিয়ের অনুষ্ঠান করা, তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না।
কারণ, এতে আল্লাহর বিধান পূর্ণ করার জন্য কোরবানি করা হচ্ছে না, বরং আত্মীয়দের খাওয়ানোর জন্য পশু জবাই করা হচ্ছে। তাই এভাবে নিয়ত করে কোরবানি করলে ওয়াজিব আদায় হবে না।
তবে যদি আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে কোরবানি করা হয়ে থাকে, পরে কোরবানির গোশত দিয়ে বিয়ের মেহমানদারি করা হয়, তাহলে কোরবানি শুদ্ধ হবে। আবার মেহমানদের খাওয়ানোও বৈধ হবে।
কেউ যদি বড় পশুর সাত ভাগের মধ্যে আলাদা অংশ ওলিমার জন্য রাখে, তাহলে ওলিমার অংশ রাখার কারণে কোরবানি নষ্ট হবে না। বরং এতে সব শরিকের কোরবানি শুদ্ধ হয়ে যাবে। (আজিজুল ফতোয়া: ১/৭১৮, ফতোয়ায়ে শামি: ৬/৩২৬) এখানে মাসয়ালা দুটি আলাদা। একটি হলো, কোরবানির অংশটিকে বিয়ের মেহমানদারীর জন্য কোরবানি করা। আর দ্বিতীয় মাসয়ালা হলো, কোরবানির অংশ নয়, বরং কোরবানির পশুতে আলাদা অংশে ওলিমার অংশ রাখা।
প্রথম সূরতে কোরবানি শুদ্ধ হবে না। দ্বিতীয় সুরতে শুদ্ধ হবে। (তথ্যসূত্র: ফতোয়ায়ে আলমগিরি, তাতারখানিয়া, দুররুল মুখতার, বাদায়েউস সানায়ে)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরবানির নিয়ত সহিহ করার এবং কোরবানির সকল নিয়ম সুন্নত অনুযায়ী করার তাওফিক দান করুন। আমিন।