ধর্ম ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরর পরিচয় ও মানহাজের অন্যতম প্রধান ভিত্তি হলো খাঁটি তাওহিদ প্রতিষ্ঠা করা। তিনি উল্লেখ করেন, আল্লাহর সঙ্গে কোনো শরিক, সমকক্ষ বা প্রতিদ্বন্দ্বী নেই।
শায়খ সুদাইস বলেন, ‘যে কেউ আমাদের সলাফে সালেহিনদের মানহাজ নিয়ে চিন্তা করবে, সে দেখবে এতে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা ও দৃঢ় ভিত্তি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আল্লাহর জন্য একনিষ্ঠভাবে তাওহিদ কায়েম করা।’
তিনি এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা আশ-শুরার ১১ নম্বর আয়াত তেলাওয়াত করেন- ‘আল্লাহর মতো কোনো কিছুই নেই; তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।’
একইসঙ্গে সুরা আল-বাইয়্যিনাহর ৫ নম্বর আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, ‘তাদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছিল যে, তারা আল্লাহর ইবাদত করবে, তাঁর জন্য দ্বীনকে একনিষ্ঠ রাখবে।’
আরও পড়ুন: মুসলিম উম্মাহর দুর্দশায় উদাসীনরা মুমিন নয়: শায়খ সুদাইস
শায়খ সুদাইস স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, ইসলামে কোনো মূর্তি, কবর, পীর বা আওলিয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ নেই। বরং খাঁটি ইবাদত ও একনিষ্ঠতা শুধুমাত্র আল্লাহর জন্যই নিবেদিত হওয়া উচিত।
তিনি সহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন। হজরত জারির ইবনে আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) এক পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে বলেন- ‘তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখতে পাবে, যেমন এই চাঁদকে দেখতে পাচ্ছ, এতে কোনো সন্দেহ থাকবে না।’
বক্তব্যের শেষাংশে শায়খ সুদাইস আল্লাহর কাছে দোয়া করে বলেন— ‘আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর মহিমান্বিত চেহারা দেখার সৌভাগ্য দান করুন।’
সূত্র: ইনসাইড দ্য হারামাইন