images

ইসলাম

দীনের ব্যাপারে নিজেকে সংশোধন করার দোয়া

ধর্ম ডেস্ক

৩০ মে ২০২২, ০৩:০১ পিএম

ইসলামে দোয়ার গুরুত্ব অনেক। দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ। হাদিস অনুযায়ী, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। আর মুমিন মাত্রই আল্লাহ তাআলার সন্তুষ্টির ভিখারি। নিজের মধ্যে কোনো ভুল আছে কি না—সেই চিন্তা তাকে ব্যথিত করে। মহান আল্লাহর সন্তুষ্টি নিয়ে বেঁচে থাকার জন্য, একটি সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তিনি দুহাত তোলেন।

প্রিয়নবী (স.) এমন একটি দোয়া করতেন, যেখানে রয়েছে দীনের ব্যাপারে নিজেকে সংশোধন, একইসঙ্গে সুন্দর সমৃদ্ধ ও পরিশুদ্ধ জীবনের আকাঙ্ক্ষা। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (স.) এই দোয়াটি করতেন। চমৎকার দোয়াটি হলো—

اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي ، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي ، وَاجْعَلِ الْمَوْتَ رَحْمَةً لِي مِنْ كُلِّ سُوءٍ

উচ্চারণ: আল্লাহুম্মা আসলিহলি দীনি, আল্লাজি হুয়া ইসমাতু আমরি, ওয়া আসলিহলি দুনইয়ায়াল্লাতি ফিহা মাআশি, ওয়াজআলিল মাওতা রহমাতান লি মিন কুল্লি সু-ইন।

অর্থ: হে আল্লাহ, তুমি আমার দীনের ব্যাপারে আমাকে সংশোধন করে দাও, যা আমার সব কাজের রক্ষাকবচ। তুমি আমার পার্থিব জীবন সংশোধন করে দাও, যেখানে রয়েছে আমার জীবন-জীবিকা এবং প্রতিটি অনিষ্ট থেকে রক্ষার জন্য আমার মৃত্যুকে আমার জন্য রহমতের উৎস বানাও। (আল আদাবুল মুফরাদ: ৬৭৩)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দীনের ব্যাপারে নিজেকে সংশোধন করতে এবং সুন্দর জীবন লাভ করতে উপরোক্ত দোয়ার ওপর বেশি বেশি আমল করার তাওফিক দান করুন। আমিন।