Dhaka Mail Logo

ইসলাম

শহীদ পরিবারকে ৩ কোটি টাকা সহায়তা দিল আস সুন্নাহ ফাউন্ডেশন

ধর্ম ডেস্ক

২৯ অক্টোবর ২০২৪, ১২:৪৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ৩০০ পরিবারকে ১ লাখ টাকা করে মোট ৩ কোটি টাকা সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মধ্যে এতিম পরিবার ছিল ১০৯টি, সাধারণ পরিবার ১৮৯টি এবং হিন্দু পরিবার দুইটি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৩০০ চেক তাদের হাতে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।

আরও পড়ুন: বায়তুল মোকাররমের নতুন খতিবকে শায়খ আহমাদুল্লাহর অভিনন্দন

শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন যদি কোটি টাকার চেকও শহীদ পরিবারের হাতে উঠিয়ে দেয়- তাহলেও আপনাদের ক্ষতি পুষিয়ে দেয়া সম্ভব নয়। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। সান্ত্বনা দেয়ার ভাষা আমার জানা নেই। তবে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের; যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন।

আরও পড়ুন: ‘ইসলামে প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া দূরের কথা, সন্দেহ করাটাই অপরাধ’

অনুষ্ঠানে কয়েকটি শহীদ পরিবারের স্বজনদের অনুভূতি শোনা হয়। অনুভূতি প্রকাশকারীদের বেশ কয়েকজন ছিলেন সদ্য পিতৃহারা অপ্রাপ্ত বয়স্ক এতিম শিশু। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১ হাজার ৪৬৯ জনকে এর আগে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।