images

ইসলাম

মায়ের কবরের পাশে ৪০ দিন সুরা ইয়াসিন পড়লে সমস্যা আছে?

ধর্ম ডেস্ক

২১ অক্টোবর ২০২৪, ০২:০৭ পিএম

সুরা ইয়াসিন পড়ে ঈসালে সওয়াব পৌঁছানোর কথা হাদিসে বিদ্যমান রয়েছে। এ কথা অস্বিকার করার সুযোগ নেই। হজরত মাকিল বিন ইয়াসার (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমরা মৃতের নিকট কোরআন পড়ো। মানে সুরা ইয়াসিন পড়ো। (সুনানে ইবনে মাজাহ: ১৪৪৮)

মা দুনিয়া থেকে চলে গেছেন, আর কখনও ফিরে আসবেন না। মায়ের কবরের পাশে যত খুশি সুরা ইয়াসিন পড়তে পারবেন। এতে কোনো সমস্যা নেই। ৪০ দিন পড়তে হবে বা এরচেয়ে কম পড়লে হবে না—এমন কোনো বিধিনিষেধ শরিয়তে নেই। 

সুরা ইয়াসিন অনেক মর্যাদাপূর্ণ একটি সুরা। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন- إِنَّ لِكُلِّ شَيْءٍ قَلْبًا، وَقَلْبُ القُرْآنِ يس ، وَمَنْ قَرَأَ يس كَتَبَ اللَّهُ لَهُ بِقِرَاءَتِهَا قِرَاءَةَ القُرْآنِ عَشْرَ مَرَّاتٍ ‘প্রত্যেক বস্তুর হৃদয় থাকে, কোরআনের হৃদয় হলো সুরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়বে, মহান আল্লাহ তাকে দশবার সমগ্র কুরআন পড়ার সওয়াব দান করবেন।’ (তিরমিজি: ২৮৮৭ বায়হাকি, শুআবুল ঈমান: ২২৩৮)

আরও পড়ুন
কবরে মুনকার নাকির যে প্রশ্ন করবেন
কবর জিয়ারতের সময় ৫ বিষয় খেয়াল রাখবেন

উল্লেখ্য, মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কাছে সুরা ইয়াসিন তেলাওয়াত করা উত্তম। সফওয়ান (রহ) বলেন, ‘কয়েকজন প্রবীন তাবেয়ি আমাকে বলেছেন যে, তারা সাহাবি গুজাইফ ইবনুল হারেস (রা.)-এর মৃত্যুযন্ত্রণার সময় তাকে দেখতে যান। তখন সাহাবি গুজাইফ (রা.) বললেন, তোমাদের মাঝে সুরা ইয়াসিন পড়তে পারে এমন কেউ আছে? তখন সালেহ ইবনে শুরাইহ আস সাকুনি ইয়াসিন পড়া শুরু করলেন। সফওয়ান (রহ) বলেন, প্রবীণ তাবেয়িগণ বলতেন, মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির নিকট সুরা ইয়াসীন পড়া হলে মৃত্যুযন্ত্রণা লাঘব হয়। (মুসনাদে আহমদ: ১৬৯৬৯; আলইসাবা: ৩/১৫৬০; আদ্দুররুল মুখতার: ২/১৯১; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১৫৭)

মহান আল্লাহ আপনার আমার সবার মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।