images

ইসলাম

আমল কোরআন-সুন্নাহ মোতাবেক না হলে বাতিল

ধর্ম ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম

মুসলমানদের সব আমল কোরআন-সুন্নাহ মোতাবেক হতে হবে। কোরআন-সুন্নাহর অনুসরণে আমল না হলে নিঃসন্দেহে তা বাতিল বলে গণ্য হবে। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলুল্লাহ (স.)-এর আনুগত্য করো, আর (তা না করে) তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না।’ (সুরা মুহাম্মদ: ৩৩)

রাসুলুল্লাহ (স.) যা করতে আদেশ দিয়েছেন তা গ্রহণ করা এবং যা নিষেধ করেছেন তা বর্জন করা মুসলিমদের জন্য জরুরি। আল্লাহ তাআলা বলেন, ‘রাসুলুল্লাহ তোমাদের যা দেন, তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো।’ (সুরা হাশর: ৭)

কোরআন ও সুন্নাহর অনুসরণ করলে মানুষ সঠিক পথ পাবে, বিরোধিতা করলে হবে পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ ও তাঁর রাসুল কোনো বিষয়ে ফায়সালা করলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর নিজেদের ব্যাপারে অন্যকোনো সিদ্ধান্তের ইখতিয়ার থাকবে না। কেউ আল্লাহ ও তাঁর রাসুলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে।’ (সুরা আহজাব: ৩৬) ‘অতঃপর যদি তারা তোমার আহ্বানে সাড়া না দেয়, তাহলে জানবে যে তারা তো শুধু নিজেদের খেয়ালখুশির অনুসরণ করে। আল্লাহর পথনির্দেশ অগ্রাহ্য করে যে ব্যক্তি নিজ খেয়ালখুশির অনুসরণ করে, সে ব্যক্তি অপেক্ষা বেশি পথভ্রষ্ট আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে পথনির্দেশ করেন না।’ (সুরা কাসাস: ৫০)

আরও পড়ুন: ৮ শ্রেণির মানুষের জন্য জান্নাত ওয়াজিব

কোরআন-সুন্নাহ জানার পরও যদি কেউ খেয়ালখুশিমতো চলে এবং বেশির ভাগ মানুষ যেদিকে চলছে সেদিকে চলে, তাহলে সে সুপথ পাবে না। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ‘তুমি যদি দুনিয়ার বেশির ভাগ লোকের কথার অনুসরণ করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে ফেলবে, তারা তো নিছক ধারণা ও অনুমানেরই অনুসরণ করে। আর তারা ধারণা ও অনুমান ছাড়া কিছুই করছে না।’(সুরা আনআম: ১১৬)

অতএব, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (স.)-এর অমিয় বাণী গ্রহণ করতে হবে। তাহলেই পথহারা মানুষ সঠিক পথ পাবে। মহান আল্লাহ বলেন, ‘অতএব, তোমার রবের শপথ! তারা কখনো মুমিন হতে পারবে না, যে পর্যন্ত তোমাকে তাদের অভ্যন্তরীণ বিরোধের বিচারক হিসেবে মেনে না নেবে, তৎপর তুমি যে বিচার করবে তা দ্বিধাহীন অন্তরে গ্রহণ না করবে এবং ওটা শান্তভাবে পরিগ্রহণ না করবে।’ (সুরা নিসা: ৬৫)

আল্লাহ ও রাসুল (স.)-কে অনুসরণের মাধ্যমেই মানবজাতি সর্বোত্তম মর্যাদা পাবে। পবিত্র কোরআনে এসেছে, ‘আর যে কেউ আল্লাহ ও রাসুলের অনুগত হয়, তবে তারা ওই ব্যক্তিদের সঙ্গী হবে, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন; অর্থাৎ নবীরা, সত্য সাধকরা, শহীদরা ও সৎকর্মশীলরা। আর এরাই সর্বোত্তম সঙ্গী।’(সুরা নিসা: ৬৯)

পক্ষান্তরে যে ব্যক্তি কোরআন-সুন্নাহর বিরুদ্ধাচরণ করবে, জাহান্নামই হবে তার চূড়ান্ত ঠিকানা। মহান আল্লাহ বলেন, ‘আর সুপথ প্রকাশিত হওয়ার পর যে রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং বিশ্বাসীদের বিপরীত পথের অনুগামী হয়, তবে সে যাতে অভিনিবিষ্ট আমি তাকে তাতেই প্রত্যাবর্তিত করব ও তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর এটা নিকৃষ্টতর প্রত্যাবর্তন স্থল।’(সুরা নিসা: ১১৫)