images

ইসলাম

ঈদের খুতবায় কতবার ‘আল্লাহু আকবার’ বলতে হয়

ধর্ম ডেস্ক

১৭ জুন ২০২৪, ০৩:০৩ পিএম

ঈদের নামাজের পর দুটি খুতবা শোনা মুসল্লিদের জন্য ওয়াজিব। মনোযোগের সঙ্গে খুতবা শুনতে হবে। অন্যথায় গুনাহগার হবে। (কিতাবুল আসল: ১/৩১৮, বাদায়েউস সানায়ে: ১/৬১৮)

যাদের ওপর জুমার নামাজ পড়া ওয়াজিব, তাদের ওপর ঈদের নামাজ পড়াও ওয়াজিব। অর্থাৎ সাবালক, সুস্থ মুসলিম পুরুষ যারা ঈদের জামাতে উপস্থিত হয়ে নামাজ পড়ার সক্ষমতা রাখে, তাদের ওপর ঈদের নামাজ পড়া ওয়াজিব। (আল মুহিতুল বুরহানি: ২/৪৭৬)

আরও পড়ুন: ঈদের নামাজ ছুটে গেলে তাকবির পূর্ণ করবেন যেভাবে

একজন প্রশ্ন করেছেন- ঈদের খুতবায় প্রথম খুতবার শুরুতে ৯ বার, দ্বিতীয় খুতবার শুরুতে ৭বার এবং খুতবা শেষে ১৪ বার তাকবির বলতে লক্ষ্য করা যায়। এভাবে তাকবীর বলার হুকুম কী? 

হানাফি মাসয়ালা অনুযায়ী এর উত্তর হলো- ঈদের নামাজে প্রথম খুতবার শুরুতে নয়বার ও দ্বিতীয় খুতবার শুরুতে সাতবার ধারাবাহিকভাবে ‘আল্লাহু আকবার’ বলা মোস্তাহাব। এটি বিশিষ্ট তাবেয়ি হজরত উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবাহ ইবনে মাসউদ (রহ) থেকে বর্ণিত আছে। আর খুতবাহ শেষে ১৪ বার তাকবির বলার কথা হাদিস বা আছারে পাওয়া যায়নি।  ফিকহের কোনো কোনো কিতাবে এভাবে ১৪বার তাকবির বলার কথা উল্লেখ আছে। তবে উভয় ঈদের খুতবায়ই ব্যাপকভাবে বেশি বেশি তাকবির বলা সাহাবি ও তাবেয়িদের আছার দ্বারা প্রমাণিত।

(মুসান্নাফ আবদুর রাজজাক: ৩/২৯০; সুনানে বাইহাকি: ৩/২৯৯; মাআরিফাতুস সুনান ওয়াল আছার: ৩/৪৯; আলআওসাত: ৪/৩২৮; কিতাবুল উম্ম,শাফেয়ি: ১/২৭৩; আলমুগনি ইবনে কুদামা: ৩/২৭৭; আলবয়ান ওয়াততাহসিল: ১/৩০০; আলবাহরুর রায়েক: ২/১৬২; ইলাউস সুনান: ৮/১৬১-১৬২; আদ্দুররুল মুখতার: ২/১৭৫)