images

ইসলাম

নারী একা মুরগি জবাই করলে গোশত হালাল হবে?

ধর্ম ডেস্ক

২৩ মে ২০২৪, ০১:৫৭ পিএম

আল্লাহ তাআলা মানুষের জন্য কিছু পশু ও পাখির গোশত খাওয়া হালাল করেছেন। যেমন- গরু, ভেড়া, ছাগল, হাঁস-মুরগি ইত্যাদি। কিন্তু এসবের গোশত হালাল হওয়ার জন্য জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করা শর্ত। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর যে জন্তুর ওপর আল্লাহর নাম উচ্চারিত হয়, তা থেকে ভক্ষণ করো যদি তোমরা তাঁর বিধানসমূহে বিশ্বাসী হও।’ (সুরা আনআম: ১১৮)

এছাড়াও কিছু শর্ত রয়েছে। যেমন-জবাইকারীকে মুসলমান কিংবা কোনো আসমানি কিতাবের অনুসারী হতে হবে, সুস্থ মস্তিষ্ক-সম্পন্ন ব্যক্তি হতে হবে এবং আল্লাহর নাম উচ্চারণ করত প্রাণীর শ্বাসনালী, খাদ্যনালী ও দুই শাহরগের অন্তত একটি কেটে রক্ত প্রবাহিত করত জবাই সম্পন্ন করতে হবে। এসব শর্ত পূরণ না হলে জবাই সহিহ হবে না এবং তা খাওয়াও জায়েজ হবে না। জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করতে ভুলে গেলে সমস্যা নেই। তবে ইচ্ছাকৃত আল্লাহর নাম ছেড়ে দিলে উক্ত জবাই শুদ্ধ হবে না। (সুরা মায়েদা: ৩-৫; সুরা আনআম: ১২১; বুখারি: ৫৫০৩; সহিহ ইবনে হিব্বান: ৫৮৮৮; মুসান্নাফে আব্দুর রাজজাক: ৮৫৭৮, ৮৫৪১ ও ৮৫৫৬; তাফসিরে তাবারি: ৪/৪৪০; আহকামুল কোরআন, জাসসাস: ৩/৭)

আরও পড়ুন: নামাজের মধ্যে পিরিয়ড শুরু হলে করণীয়

কতজনে মিলে জবাই করল বা নারী জবাই করল কি না—গোশত হালাল হওয়ার জন্য এসব ধর্তব্য নয়। হাদিসে এসেছে, কাব ইবনু মালিক (রা.)-এর এক দাসী ’সালা’ পাহাড়ে বকরি চরাতো। বকরিগুলোর মধ্যে একটিকে মরে যাচ্ছে দেখে সে একটি পাথর দিয়ে সেটিকে জবাই কবল। এই ব্যাপারে নবী (স.)-কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন- সেটি খাও। (সহিহ বুখারি: ৫১০৯)

সুতরাং জবাইয়ের শর্ত পূরণ করতে পারলেই মুরগী-গরু-ছাগল ইত্যাদির গোশত হালাল হয়ে যাবে। এমনকি একজন বুঝমান না-বালেগও যদি সঠিক পন্থায় পশু জবাই করে তা সহিহ হবে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, বালেগ-না-বালেগ, পুরুষ-মহিলা যে-ই (পশু) জবাই করুক তা খাও। (মুসান্নাফে আবদুর রাজজাক: ৮৫৫২)

তবে জবাই যেন সঠিকভাবে হয় তাই বালেগ সক্ষম ব্যক্তিরই জবাই করা উচিত। একজন জবাই করতে গিয়ে যেন পশুর অধিক কষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রাণী ধরা, শোয়ানো ও জবাইয়ের কাজগুলো এমনভাবে করা উচিত যেন প্রাণীর অতিরিক্ত কষ্ট না হয়। (সহিহ মুসলিম: ১৯৫৫; মুসান্নাফে আব্দুর রাজজাক: ৮৬০৯)