ধর্ম ডেস্ক
১৭ মে ২০২৪, ০৮:১১ পিএম
পবিত্র কোরআন মহান আল্লাহর কালাম বা বাণী। আল্লাহর এই কালাম সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন। এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কোরআনের কপি স্পর্শ করার জন্য দৈহিক পবিত্রতা শর্ত। কিন্তু মোবাইলে কোরআন বা কোরআনের অ্যাপস স্পর্শ করার ব্যাপারটি নতুন মাসয়ালা। আধুনিক ওলামায়ে কেরামদের মধ্যে এ ব্যাপারে দ্বিমত দেখা যায়।
কেউ বলেন, স্ক্রিনে থাকা অবস্থায় মোবাইল বিনা অজুতে ধরা যাবে। তাদের মতে, কোরআনের স্ক্রিনের লেখা স্থায়ী নয়। এটি প্রতিচ্ছবির মতো। এছাড়া এর ওপর একটি আবরণও থাকে। তাই অজু ব্যতীত তা স্পর্শ করা যাবে। (আল-ইসলাম, সওয়াল-জাওয়াব, ফাতওয়া নম্বর: ১০৬৯৬৬১)
আরও পড়ুন: ঋতুস্রাব অবস্থায় কোরআন শেখানো যাবে?
আবার কেউ বলেন, অজু ছাড়া ধরা যাবে না। তাদের মতে, স্ক্রিনটাচ মোবাইলে প্লাস্টিক বা কাচের আবরণ যেহেতু মূল স্ক্রিনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে যুক্ত এবং তাতে হাতের স্পর্শও কার্যকর, তাই এক্ষেত্রে অজু ছাড়া গ্লাসের ওপর স্পর্শ করা হচ্ছে, লেখার ওপর নয়—এ ধরনের কথা বলা ঠিক নয়। আর মতভেদপূর্ণ মাসআলায় সতর্কতা অবলম্বন করাই কাম্য। তাই তারা বলেন- ‘মোবাইলে বা আই-প্যাডের স্ক্রিনে কোরআনের সুরা বা আয়াত দৃশ্যমান থাকলে আয়াতের ওপর অজু ছাড়া স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। তবে স্ক্রিনের যে অংশে আয়াত লেখা থাকবে না সে অংশে হাত লাগাতে পারবে। (রদ্দুল মুহতার: ১/১৭৩; হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি পৃ. ৭৭)
পারতপক্ষে অজু ব্যতীত কোরআনে কারিম স্পর্শ না করাই ঈমানের দাবি, তা মোবাইলে হোক বা গ্রন্থে। কেননা রাসুলুল্লাহ (স.) বলেছেন- لا يَمَسُّ القُرآنَ إلَّا طاهِرٌ ‘পবিত্র হওয়া ছাড়া কোরআন কেউ স্পর্শ করবে না।’ (সহিহ আল জামে: ৭৭৮০) ইমাম নববি ও ইমাম তাইমিয়া (রহ.) বলেন, ‘পবিত্র হওয়া ছাড়া কোরআন স্পর্শ করা নিষিদ্ধ— এই বিষয়ে মতামত দিয়েছেন হজরত আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, সালমান, আবদুল্লাহ ইবনে উমর (রা.) প্রমুখ সাহাবি। অন্য সাহাবিদের এর বিপরীত কোনো অভিমত নেই।’ (শরহুল মুহাজ্জাব: ২/৮০; মাজমুউল ফতোয়া: ২১/২৬৬)