Dhaka Mail Logo

ইসলাম

শুয়ে কোরআন তেলাওয়াত জায়েজ?

ধর্ম ডেস্ক

২৬ নভেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম

পবিত্র কোরআন মানবজাতীর জন্য হেদায়াতের পথনির্দেশ। ব্যক্তি, পারিবার, সামাজব্যবস্থা এমনকি রাষ্ট্রীয় জীবন কীভাবে পরিচালিত হবে তা-ও রয়েছে এ মহাগ্রন্থে। আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমার জন্য কিতাবটি নাজিল করেছি। এটি এমন যে তা সবকিছুর সুস্পষ্ট বর্ণনা, আর এটি হেদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ।’ (সুরা নাহল: ৮৯)

কোরআন তেলাওয়াত একটি মহান ইবাদত। এতে প্রতি অক্ষরে অক্ষরে মিলে অনেক সওয়াব। গুনাহ মাফেরও মাধ্যম এটি। এছাড়াও কোরআন তেলাওয়াতে মুমিনরা লাভ করেন প্রশান্তি। ইরশাদ হয়েছে, ‌‌‌‘যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।’ (সুরা রাদ: ২৮) 

আরও পড়ুন: প্রতিদিন কোরআন তেলাওয়াতের ফজিলত

ভালোভাবে পবিত্রতা অর্জন ও অজু করে একাগ্রতার সঙ্গে কোরআন তেলাওয়াত করা উচিত। কোরআন উঁচু স্থানে রেখে বসে তেলাওয়াত করা উত্তম। তবে কেউ শুয়ে তেলাওয়াত করতে চাইলে পারবে। কেননা ইসলামি শরিয়তে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। বরং ঘুমের আগে কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করার কথা বর্ণিত হয়েছে হাদিসে। যেমনটি রাসুল (স.) বলেছেন- مَنْ قَرَأَ بِالآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ ‘কেউ যদি রাতে সুরা বাকারার শেষ দু’টি আয়াত পাঠ করে, সেটাই তার জন্য যথেষ্ট।’ (সহিহ বুখারি: ৫০০৯)

quran-recitation

আরও পড়ুন: কোরআন না বুঝে ও বুঝে পড়ার পার্থক্য

অন্য হাদিসে এসেছে, আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيْهِمَا فَقَرَأَ فِيْهِمَا(قُلْ هُوَ اللهُ أَحَدٌ)وَ (قُلْ أَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ) وَ (قُلْ أَعُوْذُ بِرَبِّ النَّاسِ) ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ‘প্রতি রাতে রাসুল (স.) বিছানায় যাওয়ার সময় সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে দু’হাত একত্র করে হাতে ফুঁক দিয়ে যতদূর সম্ভব পুরো শরীরে হাত বুলাতেন। মাথা ও মুখ থেকে আরম্ভ করে তার দেহের সম্মুখ ভাগের উপর হাত বুলাতেন এবং তিনবার এমন করতেন।’ (সহিহ বুখারি: ৫০১৭)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকাল-সন্ধ্যায়-রাতে পবিত্রতার সঙ্গে একাগ্র মনে যেভাবে সম্ভব বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তাওফিক দান করুন। আমিন।