Dhaka Mail Logo

ইসলাম

ভয়ের স্বপ্ন বন্ধ হবে যে আমলে

ধর্ম ডেস্ক

০৭ আগস্ট ২০২৩, ০২:৫২ পিএম

ভয়ের স্বপ্ন দেখে অনেকে অতিষ্ঠ। ঘুমাতে গেলেই আতঙ্ক ভর করে। এমন অবস্থা থেকে মুক্তি পেতে গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। একইসঙ্গে ভয়ের স্বপ্নে যেন কোনো ক্ষতি না হয়, সেজন্যও হাদিসে কিছু আমলের কথা বলা আছে। চলুন জেনে নেওয়া যাক—

ভয়ের স্বপ্ন দেখা বন্ধে মৌলিক দুই আমল
ভয়ের স্বপ্ন বন্ধ হওয়ার জন্য সুনির্দিষ্ট দোয়া না থাকলেও হক্কানি আলেমরা কিছু আমলের কথা বলেন, যেগুলো পালনের মাধ্যমে ভয়ের স্বপ্ন দেখা বন্ধ হবে ইনশাআল্লাহ। 
১. পবিত্র থাকা। এক্ষেত্রে অজু অবস্থায় ঘুমানো খুবই ফজিলতপূর্ণ সুন্নত আমল। (সহিহ বুখারি: ৬৩১১) অজু করে ঘুমালে ওই ব্যক্তির সাথে একজন ফেরেশতা থাকেন। (সহিহ ইবনে হিব্বান: ৩/৩২৮) আর ফেরেশতা থাকা অবস্থায় শয়তান কাছে ঘেঁষতে পারবে না ইনশাআল্লাহ। 
২. ঘুমানোর আগে সুরা মুলক, আয়াতুল কুরসি, সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা সুন্নত। এসব কঠিন হলে অন্তত তিনবার করে সুরা ইখলাস, ফালাক, নাস পড়ে শরীরে ফুঁ দেওয়া। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে তিনবার দুই হাত বোলানো।’ (বুখারি: ৫০১৭) এরপর ঘুমের দোয়া পড়ে ঘুমানো। ঘুমের মাসনুন দোয়া হলো- ‏ اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনার নামে আমি শয়ন করছি এবং আপনারই অনুগ্রহে পুনরায় জাগ্রত হবো। (বুখারি: ৬৩২৪)

স্বপ্নের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার আমল
১. খারাপ স্বপ্ন দেখলে তিনবার আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। তাহলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। (মুসলিম: ২২৬২)

২. শরীরের বাঁ দিক করে তিনবার (বাতাসে আদ্র ধরনের) থুথু নিক্ষেপ করা। (মুসলিম: ২২৬১)

৩. ভয়ের স্বপ্ন দেখার পর কাত পরিবর্তন করে অন্য দিকে মুখ ফিরিয়ে শোয়া। (মুসলিম: ২২৬২)

৪. খারাপ স্বপ্ন কারও কাছে বলা বা নিজ থেকে ব্যাখ্যা করা যাবে না। (বুখারি: ৬৫৮৩)

৫. নফল নামাজ পড়া। (মুসলিম: ২২৬৩)

৬. হাদিসে নিচের দোয়াটি পড়তে বলেছেন রাসূলুল্লাহ (স.)।

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ উচ্চারণ: “আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আই-ইয়াহদুরুন।” অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা আশ্রয় চাই তাঁর ক্রোধ ও শাস্তি থেকে। তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে এবং শয়তানের উপস্থিতি থেকে। (তিরমিজি: ৩৫২৮)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভয়ের স্বপ্ন থেকে বাঁচিয়ে রাখুন। এ সংক্রান্ত আমলসহ সকল ইসলামি নির্দেশনা মেনে চলার তাওফিক দান করুন। আমিন।