images

ইসলাম

অনাবশ্যক সাহু সেজদার কারণে নামাজের ক্ষতি হয়?

ধর্ম ডেস্ক

০৯ জুলাই ২০২৩, ০১:১৯ পিএম

সাহু সেজদা বা সেজদায়ে সাহু অর্থ ভুলের সেজদা। এই সেজদার মাধ্যমে ভুল হওয়া নামাজ বিশুদ্ধ নামাজে রূপ নেয়। নামাজে ভুলে কোনো ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদার মাধ্যমে নামাজ শুদ্ধ করা ওয়াজিব। (বুখারি: ৩৮৬, আবু দাউদ: ৮৭৪)

হানাফি মাজহাবে সাহু সেজদার পদ্ধতি হলো— শেষ বৈঠকে তাশাহুদ পড়া শেষ করে ডান দিকে সালাম ফেরাবে। তারপর তাকবির বলে নামাজের মতো দুটি সেজদা করে বসে যাবে এবং তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবে। (মুসনাদে আহমদ: ১৮১৮৮, বুখারি: ১১৫০, ১১৫৩)

একই নামাজে একাধিক ওয়াজিব ভুলক্রমে ছুটে গেলেও একবার সাহু সেজদা দিলেই যথেষ্ট হবে। (আব্দুর রাজ্জাক: ২/৩২১)

নামাজে ভুল-ভ্রান্তি হতে পারে—এমনটি ভেবে প্রত্যেক নামাজে সাহু সেজদা দেওয়ার কোনো বিধান নেই। নিশ্চিতভাবে যদি প্রবল ধারণা হয় যে, কোনো ওয়াজিব ছুটে গেছে কিংবা ফরজের ধারাবাহিকতায় ব্যত্যয় ঘটেছে, তাহলেই সাহু সেজদা ওয়াজিব হবে, অন্যথায় নয়। (ফতোয়ায়ে দারুল উলুম: খণ্ড-০৪, পৃ-৫৯)

অর্থাৎ প্রয়োজন ছাড়া ইচ্ছাকৃতভাবে সেজদায়ে সাহু করা মাকরুহ। তবে কোনো ভুল হওয়ায় সিজদায়ে সাহু দিতে হবে কি না— তা সঠিকভাবে জানা না থাকলে, সতর্কতা হিসেবে সাহু সিজদা করা যাবে। (তথ্যসূত্র: হালবি কাবির, পৃষ্ঠা-৪৬২; দারুল উলুম, খণ্ড : ০৪, পৃষ্ঠা-৪১৫; ফিকহি মাকালাত, খণ্ড: ২, পৃষ্ঠা-৩১

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহিহ সুন্নাহমতো নামাজ আদায় ও যথাযথ নিয়মে সাহু সেজদা দেওয়ার তাওফিক দান করুন। আমিন।