Dhaka Mail Logo

প্রবাস

ড. সায়েদ উদ্দীনের আন্তর্জাতিক স্বীকৃতি, পেলেন গোল্ড অ্যাওয়ার্ড

প্রবাস ডেস্ক

২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

আন্তর্জাতিক গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার কৃতী সন্তান ড. মো. সায়েদ উদ্দীন। মালয়েশিয়ার সাবাহে আয়োজিত ‘Borneo Festival of Ideas 2026’ এবং PEREKA-তে গ্রামীণ পর্যটন ও জনস্বাস্থ্যবিষয়ক গবেষণার জন্য তিনি এ সম্মাননা লাভ করেন।

ড. মো. সায়েদ উদ্দীনের পুরস্কারপ্রাপ্ত গবেষণার শিরোনাম ছিল ‘The Role of Social Capital in Enhancing Health Outcomes through Tourism in Sabah Rural Communities’। গবেষণাটিতে সাবাহর গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, সামাজিক কল্যাণ ও জীবনমান উন্নয়নে পর্যটন কার্যক্রমের মাধ্যমে গড়ে ওঠা সামাজিক পুঁজির ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণা প্রকল্পটির প্রধান গবেষক ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন ড. সায়েদ উদ্দীন। তাঁর সঙ্গে সহগবেষক হিসেবে যুক্ত ছিলেন ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহের (UMS) ড. সাদিয়া চৌধুরী শিম্মি, প্রফেসর ম্যাডিয়া ড. জালিহা মো. শাহ এবং প্রফেসর ড. রোসাজমান বিন হুসেইন।

গবেষণাটিতে সাবাহর গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে পর্যটন খাতের সম্পৃক্ততা কীভাবে স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তা অনুসন্ধান করা হয়। এ জন্য স্থানীয় কমিউনিটি নেতা, পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত গুণগত সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

গবেষণায় উঠে এসেছে, পর্যটনকে শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনস্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের মাধ্যম হিসেবেও কাজে লাগানো সম্ভব। স্থানীয় জনগোষ্ঠী পর্যটন উন্নয়ন কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেলে পর্যটন থেকে অর্জিত আয়, সম্পদ ও অন্যান্য সুবিধা স্বাস্থ্যসেবা, সামাজিক সহযোগিতা এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকরভাবে ব্যবহার করতে পারে।

7

গবেষকদের মতে, পর্যটনের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণের বিষয়গুলো যুক্ত হলে গ্রামীণ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ গবেষণার সুপারিশ ভবিষ্যতে পর্যটন উন্নয়ন পরিকল্পনার সঙ্গে জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণের বিষয়গুলো সমন্বয়ে নীতিনির্ধারকদের সহায়ক হতে পারে।

ড. মো. সায়েদ উদ্দীনের এ অর্জনকে তাঁর গবেষণাজীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি গবেষকদের অংশগ্রহণ এবং সক্ষমতার বিষয়টিও নতুন করে সামনে এসেছে।

লক্ষ্মীপুরে জন্ম নেওয়া ড. সায়েদ উদ্দীনের আন্তর্জাতিক এ সাফল্যে তাঁর নিজ জেলা ছাড়াও দেশের গবেষক, শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনুপ্রেরণা তৈরি হয়েছে। গবেষণার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তাঁর এ অর্জন বিশেষ গুরুত্ব বহন করছে।

গ্রামীণ পর্যটন ও জনস্বাস্থ্যের মধ্যকার সম্পর্ক নিয়ে তাঁর এই গবেষণা ভবিষ্যতে টেকসই পর্যটন উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

/এএস