১৭ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার রাতে চ্যাডওয়েল হিথ এলাকায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) বিকেলে চ্যাডওয়েল হিথ এলাকার হল রুমে নাহিদ ইসলামকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে এনসিপির যুক্তরাজ্য শাখা। অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত হন।
খবর পেয়ে সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করতে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থলে পুলিশ ও বিপুল নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান চলাকালে বাইরে ছাত্রলীগের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত ছিল। অনুষ্ঠানের শেষের দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা হলরুমের পেছনে গাড়ি রাখার জায়গার বিপরীত পাশের একটি খালি জায়গায় অবস্থান নেন। এ সময় সেখানে নিরাপত্তাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির কয়েকজন নেতা ও শতাধিক নেতাকর্মী ওই জায়গায় উপস্থিত হন। তাদের মধ্যে ব্যারিস্টার খালেদ সাইফুদ্দীন, দলটির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার জুনেদ এবং যুক্তরাজ্য শাখার নেতা হিমেল ছিলেন বলে তারা দাবি করেছেন। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার পর সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। কিছু সময় পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান এনসিপির এই আহ্বায়কক একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তারা হামলার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলেও আশা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক।
প্রতিনিধি/এমআর