ঢাকা মেইল ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাজধানী বৈরুতের আল কোলা মসজিদের হলরুমে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা এই সেবা কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশ দূতাবাস, বৈরুতের সার্বিক ব্যবস্থাপনা ও উদ্যোগে এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল)-এ নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সংগ্রাম’ (কন্টিনজেন্ট-২৬)-এর প্রত্যক্ষ সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
সকালে আনুষ্ঠানিকভাবে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। পরবর্তীতে দুপুরে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান ও চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.আই. মো. আমিনুল ইসলাম খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বানৌজা সংগ্রামের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কমান্ডার মাহবুবুর রহমান (ত্যাগ), সার্জন লে. কমান্ডার মাসুদ রানা, লে. কমান্ডার এ কে এম কাউসার জামান, ‘ইরশাদ ও ইসলাহ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ইব্রাহিম তাক্কুশ এবং পাবলিক রিলেশনস অফিসার রাবিহ কাতার্জি।
এছাড়া বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশ নেন।
প্রবাসী বাংলাদেশিরা এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগের জন্য বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ নৌবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষায় এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিনিধি/এলএ