জেলা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত সাত বাংলাদেশির সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। নিহতদের পরিচয়ও প্রকাশ পেয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সৌদি আরবের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন- সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী। এ ছাড়া মক্কায় কর্মরত কোম্পানির আরেক স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশুও নিহত হয়েছে।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তবে নিহত শিশুদের পূর্ণ নাম ও চকরিয়ার তাদের নির্দিষ্ট গ্রাম বা এলাকার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, আমি শুনেছি- নিহতদের সকলের বাড়ি চকরিয়ায়, কিন্তু তাদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। তথ্য পেলে জানাবেন বলে নিশ্চিত করেছেন ইউএনও।
স্থানীয় সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মদিনা থেকে জেদ্দাগামী বাংলাদেশিদের বহনকারী একটি গাড়ি বা বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাত বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন বলে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে।
দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। তিনি জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানগামী সড়কে দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে।
দুর্ঘটনার পর সৌদি পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। আহতদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং পরিবারের কাছে হস্তান্তরে সহযোগিতা করছে বাংলাদেশ কনস্যুলেট।
প্রতিনিধি/এলএ