Dhaka Mail Logo

প্রবাস

আওয়ামী লীগের সেমিনার বাতিল করল ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

ফিনল্যান্ডের আলটো বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থি সংগঠন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্সের (জিসিডিজি) সেমিনার আয়োজনের বুকিং বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফিনল্যান্ড শাখার নেতাকর্মীদের আপত্তি ও জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সংক্রান্ত তথ্য জানানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেছে দলটি।

তবে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনের অনুমতি না পেলেও নির্ধারিত সময়ে অন্য একটি স্থানে সেমিনার আয়োজন করার দাবি করেছে সংগঠনটি। ‘বাংলাদেশ অ্যাট এ টার্নিং পয়েন্ট: ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড এক্সট্রিমিজম’ শীর্ষক ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেমিনারটি সম্মতি ছাড়াই অতিথিদের নাম ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সেমিনারটি সরাসরি সম্প্রচার করা হয়। ভারতে অবস্থানরত শেখ হাসিনা একটি কক্ষের জানালার পর্দার সামনে বসে এতে অডিও বক্তব্য দেন। অনুষ্ঠানে ছিল না কোনো ব্যানার বা মঞ্চ।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির ফিনল্যান্ড শাখার আহ্বায়ক আহাদ শিকদারের বরাতে বলা হয়, আলটো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেইল করে সেমিনারে শেখ হাসিনার ভার্চুয়ালি অংশ নেওয়ার বিষয়টি জানানো হয়েছিল। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধ এবং এ-সংক্রান্ত বিচারিক প্রক্রিয়ার তথ্য তুলে ধরা হয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমিনারের বুকিং বাতিল করে বলে দাবি এনসিপির।

সেমিনারটির আয়োজক সংগঠন জিসিডিজির সভাপতি ডা. হাবিবে মিল্লাত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। বিকল্প স্থানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের যোগাযোগ পরিচালক ক্রিস ব্ল্যাকবার্ন। এ ছাড়া বক্তব্য দেন ইউরোপের আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্কের সভাপতি নুরে জামান ভূঁইয়া।

তবে সেমিনারে বক্তা হিসেবে ১০ জনের নাম প্রচার করা হলেও তাদের মধ্যে আটজনই অনুপস্থিত ছিলেন। তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে ছিলেন হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ড. পেক্কা তুওমিনেন, রোটারি ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্নর জেরে জানতুনেন, ভান্তা সিটির কাউন্সিলর সোইলে এরিকসন, হেলসিঙ্কি সিটির কাউন্সিলর এলিনা কাউপিলা, ভান্তা সিটির কাউন্সিলর দিলন ক্লোকোকি ও শেখর আচার্য। এ ছাড়া ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী নিলস হেনরিক ওয়াসেনিয়স, মানবাধিকারকর্মী মিক্কো ডামসক্যাগ এবং লেখক হাসান রাসিম।

অল্টারনেটিভ সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট জানিয়েছে, তালিকাভুক্ত দুই অতিথির সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে, তাদের সম্মতি ছাড়াই সেমিনারের অতিথি হিসেবে নাম ব্যবহার করা হয়েছে। হেলসিঙ্কি সিটির কাউন্সিলর এলিনা কাউপিলাও নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার গণমাধ্যমকে বলেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে ফিনল্যান্ডের দৃঢ় অবস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন। 

তার দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত অপরাধী সংগঠন আওয়ামী লীগের বিশ্ববিদ্যালয়টিতে সেমিনার আয়োজনের উদ্যোগের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল।

এমআইকে/এসআই