Dhaka Mail Logo

প্রবাস

পর্তুগালে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রবাস ডেস্ক

২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অন্যতম পুরোনো সংগঠন মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগাল-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদাত শেখ।

নতুন কমিটিতে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা প্রতিনিধিত্ব ও সাংগঠনিক কার্যক্রমের ভিত্তিতে কমিটির বিভিন্ন পদ ও দায়িত্ব বণ্টন করা হয়।

মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের প্রধান নির্বাচন কমিশনার খলিলুর রহমান সাগরের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনি প্রক্রিয়ায় পর্তুগালে বসবাসরত বিপুলসংখ্যক মুন্সীগঞ্জবাসীর উপস্থিতিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

সম্মেলনে পর্তুগালের প্রায় সব শহর থেকে মুন্সীগঞ্জের প্রবাসীরা অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলনটি প্রবাসী মুন্সীগঞ্জবাসীর মিলনমেলায় পরিণত হয়।

নবগঠিত কমিটির মূল লক্ষ্য হলো প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করা। পাশাপাশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, প্রবাসীদের কল্যাণে কাজ করা এবং যেকোনো সমস্যা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নতুন কমিটির মাধ্যমে পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জবাসীর মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার হবে এবং প্রবাসে জেলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিনিধি/এলএ