Dhaka Mail Logo

প্রবাস

লন্ডনে বাংলাদেশি জহিরুলের চমক, হলেন বিবিসিসিআই’র ডিরেক্টর

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

লন্ডনে নেতৃত্বের চমক দেখালেন বাংলাদেশি ব্যবসায়ী জহিরুল ইসলাম (সিআইপি)। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নির্বাচনে তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানটির ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। 

এমএইচ গ্লোবাল গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম তার দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত ব্যবসায়িক দক্ষতা এবং আন্তর্জাতিক বাজারের উন্নয়নে নিরলস প্রচেষ্টার জন্য সুপরিচিত। এবার হলেন বিবিসিসিআইয়ের ডিরেক্টর। 

মঙ্গলবারের এই নির্বাচনকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য জোরদার এবং ব্যবসায়ের নতুন দুয়ার উন্মোচনে এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এদিকে বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হওয়ার পাশাপাশি জহিরুল ইসলাম প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ সম্মাননায়ও ভূষিত হয়েছেন। 

2
বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলামসহ অন্যরা

এছাড়া এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া (সিআইপি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মোর্তুজা (সিআইপি) উভয়কে আনুষ্ঠানিকভাবে বিবিসিসিআই’র আজীবন সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই স্বীকৃতি ক্যাপ্টেন কিবরিয়া এবং গোলাম মোর্তুজার আজীবন অবদান, দূরদর্শী উদ্যোক্তা মানসিকতা এবং সীমান্ত পেরিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিক প্রতিশ্রুতিকে ত্বরান্বিত করে। উভয়ের দক্ষ পরিচালনায় এমএইচ গ্লোবাল গ্রুপ করপোরেট উৎকর্ষতা, নৈতিক শাসন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্প্রসারণের মাধ্যমে এখন একটি বৈশ্বিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তটি ব্যক্তিগতভাবে আমার জন্য অত্যন্ত আনন্দের এবং আমাদের পুরো প্রতিষ্ঠানের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। বিবিসিসিআই’র পরিচালনা পর্ষদে নির্বাচিত হওয়া আমাদের দ্বি-পাক্ষিক ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ দেবে। একইসঙ্গে আমাদের চেয়ারম্যান এবং সিইও মহোদয়ের আজীবন সদস্যপদ লাভ এমএইচ গ্লোবাল গ্রুপকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্কের এক বিশ্বস্ত সেতু হিসেবে প্রতিষ্ঠিত করে।’

বিবিসিসিআই আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এই যাত্রায় এমএইচ গ্লোবাল গ্রুপ বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্কের নতুন ভবিষ্যৎ নির্মাণে আরও সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এএইচ