০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে তুলে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা।
গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রিয়াদ প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
বাংলাদেশের পাসপোর্ট সেবা এবং দুবাই, কাতারসহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করার বিষয়ে গত জানুয়ারিতে ‘ঢাকা পোস্ট’ অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় খবর প্রচার হয়।
কিন্তু বর্তমানে আবারও সোশ্যাল মিডিয়ায় এ রকম খবর প্রচার হচ্ছে। এমন সিদ্ধান্ত বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের উদ্যোগে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল আহমেদ, মোহাম্মদ শাহজালাল ভুট্টো ও সালাউদ্দিন আহমেদ ভুইয়া। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিনদেশিদের হাতে প্রবাসী পাসপোর্ট সেবা তুলে না দেওয়ার জন্য সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের হাতে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে স্মারকলিপি দেয় রিয়াদ প্রবাসী বাংলাদেশি সচেতন মহল। রাষ্ট্রদূত স্মারকলিপিটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন বলে গণমাধ্যমকর্মীদের আশ্বস্ত করেন।
সভায় আয়োজকরা বলেন, সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। পাসপোর্ট সেবাকে সহজ করার লক্ষ্যে বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে বায়োমেট্রিক পদ্ধতি ই-পাসপোর্টের কার্যক্রম চলমান রয়েছে। হঠাৎ ভিনদেশিদের হাতে প্রবাসী পাসপোর্ট সেবা কার্যক্রম তুলে দিলে নিরাপত্তাহীনতায় ভুগবে বাংলাদেশিরা।
আয়োজকরা মনে করেন, আজকাল যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, ডেটা দিয়েও হয়। একটি দেশের নাগরিক ডাটাবেজ মানে সেই দেশের ডিজিটাল সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব যদি বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে যায়, তা কার্যত ডিজিটাল উপনিবেশ তৈরির মতো ভয়ংকর সিদ্ধান্ত।
তারা বলেন, গুঞ্জন শোনা যাচ্ছে, বিদেশি একটি প্রতিষ্ঠানকে এই পাইলট প্রকল্প কার্যক্রমটি দেওয়ার পাঁয়তারা চলছে। নিজ দেশের পাসপোর্ট সেবা ভিনদেশিদের হাতে দেওয়া হলে পাসপোর্ট নিরাপত্তা জটিলতা, তথ্য পাচারসহ হুমকির মুখে পড়বেন বাংলাদেশিরা।
দেশের ভাবমূর্তি রক্ষার্থে এবং প্রবাসীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়ে থাকলেও তা থেকে সরে আসার দাবি জানান প্রবাসী সচেতন মহল।
ভিনদেশিদের হাতে পাসপোর্ট সেবা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানে চলমান থাকলে একদিকে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে দেশের উন্নয়নের চাকা সচল থাকবে, একইসঙ্গে রেমিট্যান্স প্রবাহ বাড়বে বলে মনে করেন প্রবাসী সচেতন মহল।
এএইচ