Dhaka Mail Logo

প্রবাস

সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা, আত্মঘাতী খুনি

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

সৌদি আরবে কামরুল জামান নামে এক প্রবাসী বাংলোদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির এক তরুণ। পরে ওই তরুণ নিজের মাথায় গুলে করে আত্মহত্যা করেন।  

রোববার (৩০ আগস্ট) সৌদির তায়েফ শহরের হাওয়াইয়া এলাকায় স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত বাংলাদেশি কামরুল জামান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা।

ঘটনা সম্পর্কে জানা গেছে, কামরুল একটি সুপার মার্কেটে তার ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। এসময় হামলাকারী তরুণ তার দিকে এগিয়ে এলে কামরুল প্রাণ বাঁচাতে দৌড়ে তার কর্মস্থলের ভেতরে ঢুকে পড়েন। ওই সময় সেখানে কর্মরত অন্য দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান।

পরে হামলাকারী কামরুলকে তাড়া করে সুপার মার্কেটের ভেতরে ঢুকে পরপর তিন রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেন। এরপর তিনি নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। 

যদিও কী কারণে ওই তরুণ কামরুলকে হত্যা করলেন এবং পরে তিনি নিজে কেন আত্মঘাতী হলেন- এই দুই ঘটনার নেপথ্যের কারণ এখনো কিছু জানা যায়নি। 

এএইচ