Dhaka Mail Logo

প্রবাস

নিউইয়র্কে রেস্তোরাঁর খাবারের বিল নিয়ে বাগবিতণ্ডায় রাজুকে গুলি

প্রবাস ডেস্ক

২৪ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রেস্তোরাঁর খাবারের বিল পরিশোধ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে এক গ্রাহকের গুলিতে ইউসুফ রাজু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন রাসেল নামে আরও এক বাংলাদেশি।

স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) ভোরে ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করেই রেস্তোরাঁ থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে কর্মরত ইউসুফ রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ওই গ্রাহক পিস্তল বের করে রাজু ও রাসেলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ দুজনকে দ্রুত উদ্ধার করে ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইউসুফ রাজুকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজুর মাথায় গুলি লাগে। আর আহত রাসেলের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ব্রুকলিনে বসবাসরত নোয়াখালী কমিউনিটির এক নেতা ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে নিহত রাজুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ইউসুফ রাজু ও আহত রাসেল দুজনেরই গ্রামের বাড়ি নোয়াখালীতে। প্রায় তিন বছর আগে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন রাজু। পরে তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন।

দেশে রাজুর স্ত্রী, তিন সন্তান এবং মা-বাবা রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) তদন্ত শুরু করেছে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।

এসএইচ/এফএ