জেলা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম
ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রী জুঁই আক্তারের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ৩৩ ঘণ্টা পর সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তালতলী উপজেলার জয়ালভাঙা নলবুনিয়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
নিহত জুঁই রাজধানীর মিরপুরের মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে।
ছুটিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে রোববার সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় আসে জুঁই। পরে স্বজনদের সঙ্গে পাশের পায়রা নদীতে গোসল করতে নামে সে। ভালো সাঁতার না জানায় জোয়ারের স্রোতে হঠাৎ নদীর গভীরে তলিয়ে যায় জুঁই। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে নিখোঁজ জুঁইকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালান। অতিরিক্ত স্রোত থাকার কারণে গতকালকেই উদ্ধার কার্যক্রম ফায়ার সার্ভিস বন্ধ করলেও। প্রায় ৩৩ ঘণ্টা পর স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে নৌপুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারবেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি/এলএ