Dhaka Mail Logo

প্রবাস

বাংলাদেশের ৮ সাংবাদিক অংশ নেবেন নেপালে মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে

প্রবাস ডেস্ক

০৭ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের আটজন সাংবাদিক দেশটির উদ্দেশে রওনা হয়েছেন।

আগামী ৯ থেকে ১২ আগস্ট কাঠমান্ডুতে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা’।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন- সার্ক জার্নালিস্ট ফোরাম (বাংলাদেশ চ্যাপ্টার)-এর সাধারণ সম্পাদক এবং দ্য ফাইন্যানশিয়াল এক্সপ্রেস-এর অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের প্রধান শিয়াবুর রহমান।

764906489_1498259522344584_6810339416402381299_n

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দৈনিক বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দৈনিক আজকাল-এর স্পেশাল করেসপন্ডেন্ট মো. জিয়াউর রহমান, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি-এর সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, দৈনিক আজকের প্রভাত-এর সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবু বকর সিদ্দিক, দৈনিক অমর বাংলা-এর নির্বাহী সম্পাদক পান্না জামান এবং চ্যানেল এস টেলিভিশন অনলাইনের শাহনাজ বেগম। এ ছাড়া সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আবদুর রহমানও প্রতিনিধি দলে রয়েছেন।

সম্মেলনের আয়োজন করেছে ফেডারেশন অব নেপালি ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ)। সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)। সহ-আয়োজক হিসেবে রয়েছে তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা ও মাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সম্মেলনের সমন্বয় করছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।

আয়োজকেরা জানিয়েছেন, বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতা, গণমাধ্যম ও গবেষণার সঙ্গে যুক্ত প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন।

চার দিনব্যাপী এ আয়োজনের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষার সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে প্যানেল আলোচনা, গবেষণাপত্র এবং কার্যপত্র উপস্থাপন করা হবে। এতে বিভিন্ন দেশের সাংবাদিক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।

সম্মেলনের অংশ হিসেবে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও খাবারের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার কর্মসূচিও রয়েছে।

আয়োজকরা জানিয়েছে, মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার পেশাগত সক্ষমতা বাড়ানো, সরকারি নীতিনির্ধারণে এর গুরুত্ব তুলে ধরা এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য।

এমআই