Dhaka Mail Logo

প্রবাস

লস অ্যাঞ্জেলস কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস অ্যাঞ্জেলেসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষার্থী এবং তরুণ প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।

পরে উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা, তরুণ প্রতিনিধি এবং প্রবাসী নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানকালীন তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন।

বক্তারা দীর্ঘদিনের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন, সীমাহীন দুর্নীতি, বিচারহীনতার সংস্কৃতি, ভোটাধিকার হরণ এবং রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার অসীম সাহসী প্রতিরোধের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থান দমনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান। তারা পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানসহ এই নিপীড়ন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তির মুখোমুখি করার জোর দাবি জানান।

প্রবাসীদের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানকালে প্রবাসীরা শুধু সংহতি প্রকাশই করেননি, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে জনমত গঠনে ও আন্দোলনকে বিশ্বমঞ্চে তুলে ধরতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন।

সমাপনী বক্তব্যে লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত কনসাল জেনারেল কাজী মুহম্মদ জাবেদ ইকবাল জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায় বলে আখ্যায়িত করেন। 

তিনি বলেন, ছাত্র-জনতার অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জুলাইয়ের বিজয় ও এর চেতনাকে সমুন্নত রাখা আমাদের সকলের দায়িত্ব। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে এই ঐতিহাসিক অর্জনকে কোনোভাবেই নস্যাৎ হতে দেয়া যাবে না।

তিনি আরও বলেন, দেশ ও সরকারকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তি যেন দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সেজন্য দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষ ভাগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিইউ/এএস