images

প্রবাস

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির ১৮ দাবি

০৭ জুন ২০২৬, ০৬:৫১ পিএম

রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডের জেনেভায় গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (৬ জুন) ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরে প্রতিনিধি দলটি মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে ঢাকা–প্যারিস সরাসরি ফ্লাইট চালুসহ মোট ১৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলও) অংশগ্রহণের জন্য বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধি মিলিয়ে প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী জেনেভায় সমবেত হচ্ছেন।

শনিবার রাত ১০টায় জেনেভা বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

পরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ফ্রান্স বিএনপির প্রতিনিধি দল প্রবাসীদের কল্যাণে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি মন্ত্রীর হাতে তুলে দেয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা মো. লুৎফর রহমান চৌধুরী, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা আব্দুল হাকিম, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম. আলী চৌধুরী, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আল-আমিন, বিএনপি নেতা কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

/এএস