০২ মে ২০২৬, ০৩:২৬ পিএম
বাংলাদেশ আর কখনো ৫ আগস্টের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
শুক্রবার (১ মে) প্যারিসে ঐতিহাসিক বাস্তিল চত্বরে অনুষ্ঠিত এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনটির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

প্রধান অতিথি বলেন, ‘ইতিহাসে জুডাস মাত্র ৩০ রৌপ্য মুদ্রার বিনিময়ে ঈসা নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে রোমানদের হাতে তুলে দিয়েছিল। আমরা জানতে চাই, কোন মুদ্রার বিনিময়ে বাংলাদেশকে আবার সেই পুরোনো ব্যবস্থার অধীনে ঠেলে দেওয়া হলো।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আর কখনও ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যাবে না এবং প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়ের পক্ষে সবসময় সোচ্চার থাকবে।’
আরও পড়ুন: বাঁধনকে নিয়ে যা বললেন পিনাকী
সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আমরা প্রবাস থেকে যেভাবে লড়াই করেছি, ঠিক সেভাবেই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনমত গড়ে তোলা হবে।’
এছাড়া বক্তব্য দেন- কমিউনিটি ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক আবু মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এফবিজেএ-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশি নাগরিক পরিষদের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের নির্বাহী সদস্য মো. সাকিব হোসেন, মাজহারুল হক তালুকদার, অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার সংগঠন এফডিএইচআর এর সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, কমিউনিটি নেতা মোহাম্মদ সাইফুল আলম, এক্সিকিউটিভ ও বাংলাদেশি নাগরিক পরিষদের সদস্য ওয়াদুদ তানভীর, এনসিপি ফ্রান্সের সিনিয়র সদস্য আনোয়ার রুল ইসলাম, তাওহিদা বেগম, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, এফবিজেএ-এর সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াছ, আরাফাত রহমান, আকাশ গবেষক ইকরামুল কবির সালমান ও জাফরুল হাসানসহ অনেকে।
মানববন্ধনে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, নারী ও শিশুরা অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/এমআই