জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনীন রশিদ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মন্ত্রীর নিজ দফতরে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আলোচনায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের পর্যটন খাত বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকত উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এই উদ্যোগ দুই দেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং যৌথ উদ্যোগ গ্রহণে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মালদ্বীপের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন রাষ্ট্রদূত।
এমআইকে/এআরএম