নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম
যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আবারও প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ছে। আগামী ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে Tower Hamlets-এর গুরুত্বপূর্ণ Whitechapel ওয়ার্ডে কাউন্সিলর পদে ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বরিশাল জেলার বাকেরগঞ্জের কৃতি সন্তান মো. মিজানুর রহমান খান। ইতোমধ্যে স্থানীয় কমিউনিটিতে তিনি ‘আস্থা ও পরিবর্তনের প্রতীক’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নে জন্ম নেওয়া মিজানুর রহমান খান ছোটবেলা থেকেই সমাজসেবামূলক আদর্শে বেড়ে ওঠেন। সেই মূল্যবোধকে ধারণ করেই তিনি বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। পেশাগতভাবে তিনি লন্ডনের একটি আইন প্রতিষ্ঠানে কর্মরত। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন।
কমিউনিটি উন্নয়নে তার সম্পৃক্ততা বহুমাত্রিক। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও অন্যান্য ইউরোপীয় কমিউনিটির সঙ্গে দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে কাজ করে তিনি নিজেকে একটি গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
শুধু যুক্তরাজ্যেই নয়, বাংলাদেশেও তার মানবিক কার্যক্রম বিস্তৃত। তার প্রতিষ্ঠিত “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ” দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রবাস জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি কমিউনিটির মধ্যে ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে পর্তুগালে অবস্থানকালে তিনি “Save Bangladesh Portugal” এবং “Bangladesh Social Welfare Association Portugal” প্রতিষ্ঠা করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করতে উল্লেখযোগ্য অবদান রাখেন।
এবারের নির্বাচনে একই ওয়ার্ডে তার সঙ্গে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আলী আকবর ও মো. আব্দুল বশীর। আর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার জামি আলী। পুরো টিমটি হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
নির্বাচনকে সামনে রেখে মিজানুর রহমান খান ও তার টিম ইতোমধ্যেই জোরদার প্রচারণা চালাচ্ছেন। তারা নিয়মিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের সমস্যাগুলো শুনছেন এবং বাস্তবসম্মত সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের প্রধান প্রত্যাশা—একজন দায়িত্বশীল প্রতিনিধি, যিনি এলাকার বাস্তব সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনায় নেবেন। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, হাউজিং সংকট, পার্কিং সমস্যা এবং বাসাবাড়ির মেরামতে দীর্ঘসূত্রতা—এসব ইস্যুতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জোরালোভাবে উঠে এসেছে।
এসব চ্যালেঞ্জ মোকাবেলায় মিজানুর রহমান খান ও তার টিম অগ্রাধিকারভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাদের লক্ষ্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কমিউনিটি গড়ে তোলা।
এখন দেখার বিষয়—আসন্ন নির্বাচনে হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের বাসিন্দারা কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নেন।
এমআর/এআর