images

প্রবাস

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

ঢাকা মেইল ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে নিউইয়র্কের আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। তারা হাসপাতালে ভর্তি আছেন।

নিহতরা হলেন— কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ হীরামন (৬০) ও তার ছেলে নাজমুল রোবেল (৩০), রোবেলের বন্ধু নড়াইলের ফাহিম আলিম (২৭) এবং অপর গাড়িতে থাকা নিউইয়র্কের বাসিন্দা জুলিয়া রিচিও (৬২)। হীরামন সপরিবারে নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। আহতরা হলেন- নিহত হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১)। দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়ে আলবানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাজমুল ঢাকার ডেফোডিল ইউনিভার্সিটির সফটওয়্যার বিভাগের ১৬তম ব্যাচের ছাত্র ছিলেন।

নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা জানান, নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে চড়ে নতুন বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান দেখতে তারা সবাই বের হন। নাজমুল গাড়িটি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহত হিরামনের ছোট বোন রাজিয়া বেগম জানান, নিহতদের জানাজা বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের দাফন করা হবে।

ক.ম/