images

প্রবাস

প্যারিসে ঈদে হবে বাংলাদেশিদের জামাত, আনন্দমেলা 

১৮ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে ফ্রান্সের রাজধানী প্যারিস ও শহরতলীতে বসবাসরত বাংলাদেশি মুসলিমরা এবার নানা উদ্যোগ নিয়েছে। ঈদের দিন সকালে ঈদের জামাতের পাশাপাশি আনন্দমেলার আয়োজন করা হয়েছে। এ বছর ২০ মার্চ, শুক্রবার ঈদের সম্ভাব্য দিন ধরে চলছে সব প্রস্তুতি।

প্যারিসে বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্যারিসের অদূরে স্তাঁর বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে। 

প্রতিবছরের ন্যায় এবারও পাঁচটি ঈদ জামাতের প্রস্তুতি নিয়েছে ইসলামিক সেন্টার। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় প্রথম জামাত শুরু হবে। প্রতি পঁয়তাল্লিশ মিনিট পর পর একেকটি জামাত হবে। শেষ জামাত হবে সকাল সাড়ে দশটায়। এখানে নারীদের নামাজ আদায়ের সুব্যবস্থাও থাকবে বলে জানা গেছে। 

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবিব বলেন, ভিন্ন সংস্কৃতি ও পরিবেশের মাঝেও আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যকে ধারণ করে প্রতিবছর ঈদে নানা আয়োজন করি। এটি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

7
 
শহরতলীর লা কুরনিভে বাংলাদেশিদের উদ্যোগে খোলা মাঠ বা ভাড়া করা হলরুমে জামাত আয়োজনের প্রস্তুতি চলছে। বিভিন্ন প্রবাসী সংগঠন ও মসজিদ কমিটি যৌথভাবে এই আয়োজন পরিচালনা করে। একইভাবে সাঁ-দনি এলাকাতেও বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ছোট পরিসরে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশি সম্প্রদায়ের পাশাপাশি বৃহত্তর মুসলিম সমাজের জন্য প্যারিসের ঐতিহ্যবাহী গ্রঁদ মসকে দ্য প্যারিসে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

এখানে সাধারণত স্থানীয় সময় সকাল ৮টায় ও ৮টা ৪৫ মিনিটে দুটি জামাত হয়। যেখানে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন। এছাড়াও মেট্রো ওশ, সারসেল ইন্ডোর স্টেডিয়ামসহ ফ্রান্সের ছোট-বড় শহরের মসজিদগুলোতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ওভারভিলিতে বাংলাদেশি জামে মসজিদ বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের জামাতের আয়োজনের প্রস্তুতি চলছে। স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হবে ঈদের প্রথম জামাত। 

এছাড়া ঈদের দিন বাংলাদেশিদের সামাজিক সংগঠন বিসিএফয়ের উদ্যোগে পার্ক দ্য লা ভিলেতে ‘ঈদ ফেস্টিভ্যাল প্যারিস ২০২৬’ অনুষ্ঠিত হবে। এখানে খাবারের স্টল, পোশাকের দোকান, শিশুদের বিনোদন এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্লাস দ্য ফেত প্যারিসে অনুষ্ঠিত হবে ঈদ আনন্দ মেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বাস্তিল চত্বরে বাংলাদেশি সংগঠনগুলোর উদ্যোগে ঈদ বাজার ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে কয়েকদিন ধরে। 

প্যারিসে সাংবাদিকদের অন্যতম সংগঠন ফান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, দেশ থেকে দূরে থাকলেও ফ্রান্সে অভিবাসী বাংলাদেশিরা যেন ঈদের আনন্দে দেশীয় আমেজ উপভোগ করেন, সেই লক্ষ্যে প্রতিবছর নানা আয়োজন হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কর্মব্যস্ত জীবনে একটি দিনের জন্য হলেও আমরা একত্রিত হই এটি বড় আনন্দের।

/এএস