ঢাকা মেইল ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪, ০৮:০১ পিএম
টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে কানাডায় প্রদর্শিত হলো মুহাম্মদ কাইউম পরিচালিত সাড়া জাগানো চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। সিনেমাটি ২০২৩ সালে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়।
মুহাম্মদ কাইউমের প্রথম চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ২০২২ সালে ২৮তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার’ অর্জন করে। এছাড়া ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্ত এ চলচ্চিত্রটি ইতিমধ্যে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমী ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
চলচ্চিত্রটিতে বাংলাদেশের হাওর অঞ্চলের দরিদ্র মানুষের জীবন তুলে ধরেন মুহাম্মদ কাইউম। ১ ঘণ্টা ৫৭ মিনিটের চলচ্চিত্রটির চিত্রগ্রহণে কাজ করেছেন মাজহারুল রাজু, সম্পাদনায় অর্ঘ্যকমল মিত্র। সুকান্ত মজুমদার ও সাত্যকী ব্যানার্জীর সঙ্গীতে চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহালনবিশ ও উজ্জ্বল কবির হিমু।