Dhaka Mail Logo

রাজনীতি

প্রত্যাশিত পদ না পেয়ে যুবলীগ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৫ এএম

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ৩২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা হয়েছে সোমবার দিবাগত রাতে। কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে কিছু সময় পরই পদত্যাগ করেছেন সহ-সভাপতির পদ পাওয়া রাজিবুল আহসান সুমন নামে এক নেতা।

সোমবার দিবাগত রাতেই যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠান তিনি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানিয়েছেন সুমন।

পদত্যাগের কারণ বর্ণনা করতে গিয়ে রাজিবুল আহসান সুমন বলেন, ‘২০১০ সালে সম্মেলন করে জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব ছাড়ার পর থেকে দলের কোনো পর্যায়ে গুরুদায়িত্বে না থাকায় বিগত ২০২২ সালের এপ্রিলে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক স্বাক্ষরিত নোটিশ বিজ্ঞপ্তি মোতাবেক আমি চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের 'সভাপতি' পদে প্রার্থী হিসেবে সিভি জমা দিয়েছি। এর ধারাবাহিকতায় গত ২৯ মে ২০২২ এ চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দু'জন কাউন্সিলর আমাকে 'সভাপতি' প্রার্থী হিসেবে প্রস্তাব ও সমর্থন করেন।’

সুমন আরও বলেন, ‘আমি আশা করেছিলাম, রাজনীতিতে মেধা, যোগ্যতা ও ত্যাগের মূল্যায়ন করে আমাকে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত করবেন। কিন্তু দীর্ঘ ১০ মাস পর অদ্য ৭ ফেব্রুয়ারি ২০২৩ রাত ১২টা ৯ মিনিটে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পাঠানো চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আংশিক কমিটিতে আমার নাম সহসভাপতি হিসেবে দেখে বিস্মিত ও হতাশ হয়েছি। গত ১ ফেব্রুয়ারি আপনার সঙ্গে একান্ত আলাপেও সহসভাপতি পদে আমাকে রাখার বিষয়ে আপনাকে নেতিবাচক মতামত প্রদান করেছি। যেহেতু আমি সহসভাপতি পদে সিভি জমা প্রদান করিনি, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সহসভাপতি পদে আমার নাম প্রস্তাব ও সমর্থন করা হয়নি এবং যেহেতু সহ সভাপতি পদে থাকার আমার কোনো আগ্রহ বা ইচ্ছা নাই। তাই নবগঠিত চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ‘সহসভাপতি’ পদ থেকে আমি পদত্যাগ করছি।’

ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে সুমন জানান, তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (২০০২-২০১০)। এছাড়া সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক (১৯৯৮ -২০০০), সন্দ্বীপ সরকারি এ বি কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতির (১৯৯৪-১৯৯৬) দায়িত্বও পালন করেন।

সুমন আরও বলেন, 'আমি অতীতে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়ে এসেছি। চট্টগ্রাম উত্তর যুবলীগকে একটি মডেল সংগঠন করার জন্য আমি পরিকল্পনা করেছি। সে অনুযায়ী আমি সভাপতি পদে সিভি জমা দিয়েছি। সমর্থনও পেয়েছি। কিন্তু যে পদ আমাকে দেওয়া হয়েছে, সে পদে থেকে আমার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না। তাই পদত্যাগ করেছি।'

সুমন অভিযোগ করেন, ২০২১ সালে সম্মেলনের আগে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের কমিটি ছিল ১৯ বছরের পুরনো। সেই কমিটির সাধারণ সম্পাদককেই এবার সভাপতি করা হয়েছে।

কারই/এমআর