Dhaka Mail Logo

রাজনীতি

৪৭ কিলোমিটার হেঁটে সমাবেশে, ঝামেলা এড়াতে যোগ দিয়েছেন লুঙ্গি পরে 

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ অক্টোবর ২০২২, ১২:৪৪ পিএম

চলাচল করছে না বাস। এরপর বন্ধ করে দেওয়া হলো লঞ্চও। পথে পথে বাধা-বিপত্তির পরও শনিবার সাতসকালে খুলনার বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের অবলম্বন করতে হয়েছে নানা কৌশল। তাদেরই একজন জাহাঙ্গীর হোসেন শেখ। পায়ে হেঁটে, লুঙ্গি পরে সমাবেশে যোগ দিয়েছেন তিনি।

জাহাঙ্গীরের গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রামে। ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি তিনি। 

শনিবার (২২ অক্টোবর) খুলনা শহরের সোনালী ব্যাংক চত্বরে সমাবেশে যোগ দিতে বিপুল সংখ্যক নেতাকর্মী নানামুখী বাধার মুখেও সমাবেশস্থলে পৌঁছেছেন। জাহাঙ্গীর হোসেন শেখও তাদের একজন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, চলমান আন্দোলনে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের নিহত হওয়ার প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এই সমাবেশ করছে বিএনপি।

সমাবেশে আসার পথে নিজের কৌশলের কথা জানিয়ে জাহাঙ্গীর জানান, গত রাত আড়াইটার দিকে দুলাল শেখ নামের একজনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। শনিবার ভোরের দিকে খুলনায় পৌঁছেছেন।

তিনি জানান, বাগেরহাট শহর থেকে বনগ্রামের দূরত্ব ১২ কিলোমিটারেরও বেশি। আর খুলনা শহর থেকে বাগেরহাটের দূরত্ব ৪৭ কিলোমিটার। 

শুক্রবার বেলা ৩টার দিকে সহযোদ্ধা দুলালকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে খুলনার উদ্দেশে বের হয়েছিলেন জাহাঙ্গীর হোসেন। কিন্তু বাগেরহাট শহর পার হতে পারেননি। শহরে মোটরসাইকেল আটকে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে বাড়ি ফিরে যান তিনি। সমাবেশে যাওয়ার কৌশল খুঁজতে থাকেন যুবদলের এই নেতা। রাত আড়াইটার দিকে দুলাল শেখকে সঙ্গে নিয়ে খুলনার উদ্দেশে হাঁটা শুরু করেন।

লুঙ্গি পরে আসার কারণ জানাতে গিয়ে তিনি বলেছেন, প্রথমে বাধা পাওয়ায় পরে বাড়ি থেকে আসতে নিরুৎসাহিত করা হয়েছিল। পথে বাধা দেওয়া হতে পারে, এমন আশঙ্কায় লুঙ্গি পরে বাড়ি থেকে বের হন। লুঙ্গি পরে আসার ফলে কোথাও কেউ বাধা দেয়নি। ভোরের দিকে খুলনায় এসে পৌঁছেছেন বলেও জানান জাহাঙ্গীর।

গত ১২ অক্টোবর চট্টগ্রাম থেকে বিভাগীয় গণসমাবেশ শুরু করে বিএনপি। এরপর গত শনিবার ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশ হয়েছে। এভাবে ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও আগামী ১০ ডিসেম্বর ঢাকায় হবে মহাসমাবেশ

বিইউ/এইউ