Dhaka Mail Logo

রাজনীতি

দাদার পোর্ট্রেটের সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুম্মাম

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম

দাদা এ.কে.এম ফজলুল কাদের চৌধুরীর পোর্ট্রেটের সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন বিএনপির প্রয়াত নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

পাকিস্তানের ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে তিনি বললেন, ঐতিহাসিক এই সংসদ ভবনে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে দাঁড়ানো তার কাছে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার স্মারক।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন হুমাম কাদের। পোস্টে দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানো একটি ছবিও যুক্ত করেন তিনি। 

ক্যাপশনে ইংরেজি ও বাংলা দুই ভাষায় হুম্মাম কাদের লিখেছেন, ‘যখন ইতিহাস হয়ে ওঠে একান্ত ব্যক্তিগত। ইসলামাবাদের সংসদ ভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার, আমার দাদা এ. কে. এম. ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানোর মুহূর্তটি আমার জন্য ছিল অত্যন্ত আবেগঘন ও গর্বের।’

তিনি লেখেন, ‘কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক সংসদ ভবনে আসা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার পরিবারের তিন প্রজন্মের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা। ইতিহাস শুধু আমাদের অতীতের সঙ্গে সংযুক্ত করে না, ভবিষ্যতের প্রতি আমাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।’

বিএনপির এই এমপি আরও লেখেন, ‘আমার কাছে এই ছবিটি কেবল একটি মুহূর্তের স্মৃতি নয়। এটি প্রজন্ম থেকে প্রজন্মের এক গভীর আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের প্রতিফলন এবং জনসেবার সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধের এক অনন্য স্মারক।’

বুধবার (২৫ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে পাকিস্তান সফররত সংসদীয় প্রতিনিধিদল দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শন করেন। হুম্মাম তাদেরও সেই দলের একজন।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম ঘুরে দেখেন। পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশটির সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে বিএনপির টিকিটে ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন হুম্মাম কাদের। বড় ব্যবধানে তিনি হারান জামায়াতের প্রার্থী এ টি এম রেজাউল করিমকে।

এএইচ