Dhaka Mail Logo

রাজনীতি

যে কারণে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

অস্ট্রেলিয়া সফর শেষে পূর্বপরিকল্পনার পরিবর্তে সফর কিছুটা সংক্ষিপ্ত করে সরাসরি দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার মালয়েশিয়া হয়ে দেশে ফেরার কথা থাকলেও এবার তিনি সরাসরি ঢাকায় ফিরেছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. শফিকুর রহমান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিনসহ দলটির নেতারা।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন জামায়াত আমির। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানান তারা।

সফর সংক্ষিপ্ত করার কারণ ব্যাখ্যা করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ডা. শফিকুর রহমানের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মালয়েশিয়া হয়ে দেশে ফেরার কথা ছিল। তবে দলীয় ও সাংগঠনিক কাজের কারণে তিনি এবার সরাসরি দেশে ফিরেছেন। অস্ট্রেলিয়া যাওয়ার আগেই সফর সংক্ষিপ্ত করার বিষয়টি জানানো হয়েছিল। সেই পূর্বঘোষণা অনুযায়ীই তিনি দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিরোধীদলীয় নেতা সফর সংক্ষিপ্ত করেছেন বলে যে তথ্য প্রচার হচ্ছে, তার কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি।

গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর মধ্য দিয়ে ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর শুরু হয়। সফরকালে সিডনি ও রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। এসব আয়োজনে প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের ভবিষ্যৎ, উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা নিয়ে এসব অনুষ্ঠানে আলোচনা হয়।

সফরের দ্বিতীয় দিন ২১ নভেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন জামায়াত আমির। একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে শিশু-কিশোরদের আনন্দমেলায় যোগ দেন। পরে শিবিরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন।

পরদিন ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে দেশের উন্নয়নে প্রবাসীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান জামায়াত আমির।

তার নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

এদিকে জাতীয় ঐক্যের সংলাপ প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের জানান, এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে কোনো চিঠি পায়নি। দলটির কাছে কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণও পৌঁছায়নি।

টিএই/এএস