Dhaka Mail Logo

রাজনীতি

সংবিধান সংস্কার কমিটি বাতিল করে পরিষদ গঠনের দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নিতে বর্তমান সংবিধান সংশোধন কমিটি বাতিলের সুপারিশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটে জনগণের দেওয়া রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, রাজনৈতিক ঐক্য, সংস্কার, বিচার ও সার্বভৌমত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সংবিধান সংশোধন কমিটি সংস্কারপ্রক্রিয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে এনসিপি মনে করে। এ কারণে দলটির পক্ষ থেকে কমিটি বাতিলের সুপারিশ করা হয়েছে। জুলাইয়ের ঐক্যের প্রশ্নে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার কথাও প্রধানমন্ত্রীকে জানিয়েছে দলটি।

বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ জানায় এনসিপি। নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিরাও নিরাপত্তাহীনতায় পড়েছেন। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

তিনি বলেন, এই পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে বৈঠকে জানিয়েছে এনসিপি।

রাজনৈতিক ঐক্যের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে যে লড়াই হয়েছিল, তা এখনো শেষ হয়নি। সেই লড়াই ছিল গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষের শক্তির মধ্যে। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে টেকসই করতে সংস্কার জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা তৈরি না হলে দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না।

বিচারপ্রক্রিয়া নিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের ভুক্তভোগীরা যাতে ন্যায়বিচার পান, তা নিশ্চিত করতে হবে। এ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং জেলা পর্যায়ে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত, অভিযোগপত্র দাখিলসহ আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে এনসিপি।

বৈঠকে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও তুলে ধরেছে দলটি। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকরে সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

image

ভারতের সঙ্গে সম্পর্ক ও গঙ্গার পানিবণ্টন নিয়েও কথা বলেছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তির আলোচনায় বাংলাদেশের অবস্থান কঠোরভাবে তুলে ধরতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।

ভারতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ, বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ভূরাজনৈতিক পর্যায়ে পৌঁছেছে। ভারত আওয়ামী লীগ ও দেশের ভেতরের বিভিন্ন শক্তিকে ব্যবহার করে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।

নাহিদ ইসলাম আরও বলেন, ওসমানী হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সীমান্তের কাছাকাছি ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমাবেশে বাংলাদেশবিরোধী বক্তব্য ও অপতথ্য প্রচারের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে দলটি। ওই সমাবেশে পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতার যুক্ত থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচার মোকাবিলার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের প্রচারণার বিপরীতে প্রকৃত তথ্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের শাসনামলে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও তাদের সম্পত্তি দখলের ঘটনাগুলোও সামনে আনা প্রয়োজন।

বৈঠকে সরকারের সঙ্গে বিভিন্ন সামাজিক শক্তির যোগাযোগ বাড়ানোর আহ্বানও জানিয়েছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগার সঙ্গে সংশ্লিষ্ট সুফি সমাজ, সাংস্কৃতিক কর্মী ও হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সঙ্গে সরকারের কার্যকর সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

এমএইচ/এআর