Dhaka Mail Logo

রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির ৪ নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার (২৩ নভেম্বর) বেলা একটার দিকে সচিবালয়ে প্রবেশ করেন দলটির চার নেতা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সংলাপ হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধিদলে আছেন- এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের তৎপরতা ও দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

জাতীয় সংসদের সবশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী এমন আহ্বান জানান। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে এ নিয়ে সেদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন বিরোধীদলীয় নেতা। এরই ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপি নেতারা।

জামায়াত আমির বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। ২৬ নভেম্বর তিনি দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন বলে জানা গেছে।

বিইউ/এমআর