জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম
সংসদের বিশেষ অধিবেশন ডেকে জুলাই সংস্কার পরিষদের শপথ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী চরিত্রের শাসনব্যবস্থা চিরতরে নির্মূল করতে হবে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে তুরাগ উত্তর থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, সরকারের ভেতরেই একটি ছায়া সরকার কাজ করছে। প্রশাসনের দায়সারা কর্মকাণ্ড জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, তা জনগণের কাছে প্রমাণিত হয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না, সে সরকার জনগণের সরকার নয়। এই সরকারের প্রথম ব্যর্থতা হলো জনগণের ৭০ শতাংশ ভোটের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। সরকার আজ জাতির সঙ্গে গাদ্দারি করেছে, যার মাশুল তারা দেওয়া শুরু করেছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের বিশেষ অধিবেশন ডেকে জুলাই সংস্কারের যে শপথ নেননি, সেই ভুলের মাশুল দিয়ে জুলাই সংস্কার পরিষদের শপথ নিন। সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদী চরিত্রের শাসনব্যবস্থা বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করার ব্যবস্থা নিন।
জামায়াতের এই নেতা আরও বলেন, আমাদের আরও সজাগ হতে হবে। প্রিয় জন্মভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। আমরা একটি মানবিক ঢাকা গড়ে তুলতে চাই, আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
সমাবেশে সংগঠনের কর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং তারা যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছেন কি না, তা তদারকির ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
তুরাগ উত্তর থানা জামায়াতের আমির মো. মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
টিএই/এমআর