Dhaka Mail Logo

রাজনীতি

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান কখনো ভুলব না: জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কখনো ভুলে যাওয়ার নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

তিনি বলেছেন, দেশের গণমাধ্যম যখন মানুষের ওপর নির্যাতন ও নিপীড়নের চিত্র যথাযথভাবে তুলে ধরতে পারেনি, তখন প্রবাসে থাকা ভাই-বোনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেই চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা দেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন।

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: অস্ট্রেলিয়া থেকে কণ্ঠস্বর’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা তাকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানান। 

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের কাছ থেকে শুধু আর্থিক রেমিট্যান্স নয়, তাদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনও দেশের উন্নয়নে কাজে লাগাতে চান তারা। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চান। আল্লাহ সুযোগ দিলে তাদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করবেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদানের জন্য অনেকে গ্রেপ্তার হয়েছেন, কারাভোগ করেছেন এবং শাস্তির মুখোমুখি হয়েছেন। এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা অত্যন্ত কষ্টের ও লজ্জার।

প্রবাসীদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ দেশে ফিরে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। যাদের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারা অতীতেও সোচ্চার ছিলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে প্রতিবাদ জানাবেন।

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনো বেঁচে আছেন। তাদের অনেকের হাত-পা নেই, কেউ চোখ হারিয়েছেন। কিন্তু তাদের মনোবল হারাননি। আহত যোদ্ধাদের কাছে তিনি জানতে চেয়েছেন, জাতির প্রয়োজনে তারা আবারও লড়াই করতে পারবেন কি না। জবাবে তারা বলেছেন, একটি পা হারিয়েছেন, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করবেন। যাদের চোখ নেই, তারাও অন্যের হাত ধরে দেশের প্রয়োজনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন।

তিনি বলেন, একজন মা ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের রাজপথে যত শিশু নেমে এসেছে, সবাইকে নিজের সন্তান মনে করেই আন্দোলনে এসেছেন। এই মায়েরা ও যোদ্ধারাই আমাদের শক্তি। জাতির প্রয়োজনে তারা আবারও জেগে উঠবেন, ইনশাআল্লাহ।

জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা তুলে ধরে জামায়াত আমির বলেন, বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। জুলাইয়ের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে আসা মা, পানি বিতরণ করতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধ, বুক পেতে গুলি গ্রহণ করা আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা এই অভ্যুত্থানের প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তারা গোটা জাতির সম্পদ।

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদেও কথা বলেছেন তারা। জনগণের রায় উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। কোনো চাপ বা প্রলোভনে তারা আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবেন না।

তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, তারা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চান। বাংলাদেশের নামের উড়োজাহাজের চালকের আসনে তরুণরা বসবেন, আর তারা বসবেন যাত্রীর আসনে। তরুণদের সহযোগিতা করবেন তারা। জামায়াতের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে। তারা বিশ্বাস করেন, তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। একই সঙ্গে দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জুলাই আন্দোলনে নারীদের সাহসী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

সরকার ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন হলে তারা সমর্থন দেবেন। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করবেন। বিরোধী দলের দায়িত্ব হলো জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, কোনো দল বা ব্যক্তি তাদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই তাদের প্রতিপক্ষ। তারা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চান। বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এ ছাড়া সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

টিএই/এএইচ