জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
আমরা ব্যক্তি ও রাজনৈতিক দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই। আর জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি।
তিনি বলেন, সংবিধান সংস্কার না হলে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে একই চরিত্রের দল ক্ষমতায় আসার সুযোগ পাবে। এটি বন্ধ করতে হবে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সম্মেলন শেষ হয় দুপুর ১টায়।
এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াতে ইসলামী সব সময় জনগণের সঙ্গে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর জন্য একমাত্র সরকার দায়ী। দেশ রক্ষা, সীমান্ত রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তা করতে পারছে না। বরং কোথাও কোথাও সরকার উসকানি দিচ্ছে। কার স্বার্থে এবং কাদের খুশি করতে এই উসকানি দেওয়া হচ্ছে, তা জাতি জানতে চায়।
তিনি বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে, বাকিরাও পালানোর জায়গা পাবে না। সরকারকে সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে হবে। জনগণের ক্ষতি যাতে না হয়, সে জন্য দায়িত্বশীল দল হিসেবে জামায়াতে ইসলামী মাঠে-ময়দানে থাকবে। একই সঙ্গে জনগণের দাবি সরকারকে মেনে নিতে হবে।
জামায়াতের এই নেতা বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছে। একটি সরকার গঠনের জন্য, অন্যটি সংবিধান সংস্কারের জন্য গণভোট। জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদে গিয়ে দুটি শপথ নিয়েছেন। একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি একটির শপথ নিলেও গণপরিষদের শপথ নেয়নি। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
তিনি আরও বলেন, এখনো সুযোগ আছে। বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধান সংস্কারের আহ্বান জানাচ্ছি। আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও চব্বিশের চেতনা। এর বাইরে জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবে না। জনগণের কাছে দেওয়া ওয়াদা আমরা ভঙ্গ করব না।
সরকারের উদ্দেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকার দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত করলে জনগণ তা মেনে নেবে না। আমরা জনগণের পাশে দাঁড়াব। সরকার যে কাজ করছে, তার ভিত্তি হিসেবে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই দেশের ঐক্য গড়ে উঠবে। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ থাকব। সাহসিকতার সঙ্গে আঘাতের জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় বক্তব্য দেন নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মোহাম্মদ সেলিম উদ্দিন।
টিএই/এএইচ